পবন খেরার অগ্রিম জামিন নাকচ, গ্রেফতারের প্রস্তুতিতে অসম পুলিশ

Spread the news

বরাক তরঙ্গ, ২৪ এপ্রিল : কংগ্রেস নেতা পবন খেরার অগ্রিম জামিনের আবেদন খারিজ করেছে গৌহাটি উচ্চ আদালত। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শৰ্মার স্ত্রী রিণিকি ভূঞা শৰ্মার দায়ের করা মামলার প্রেক্ষিতে এই আবেদন করা হয়েছিল। এর আগে একই মামলায় তেলেঙ্গানা উচ্চ আদালত খেড়াকে এক সপ্তাহের ট্রানজিট অগ্রিম জামিন দিয়েছিল এবং পরবর্তী জামিনের জন্য গৌহাটি উচ্চ আদালতে আবেদন করার নির্দেশ দেয়। তবে সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে অসম সরকার সুপ্রিম কোর্টে যায়, যেখানে খেড়ার অগ্রিম জামিন খারিজ করা হয়।

পরে খেরা গৌহাটি উচ্চ আদালতের দ্বারস্থ হলে বিচারপতি পাৰ্থিবজ্যোতি শইকিয়ার আদালতে মামলার শুনানি হয়। খেরার পক্ষে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অভিষেক মনু সিংভি এবং জ্যেষ্ঠ আইনজীবী কমলনয়ন চৌধুরী সওয়াল করেন। অন্যদিকে, সরকারের পক্ষে যুক্তি উপস্থাপন করেন বিশিষ্ট আইনজীবী দেবজিৎ শইকিয়া।

এদিকে, অসম পুলিশের একটি দল ইতিমধ্যেই দিল্লিতে অবস্থান করছে এবং পবন খেরাকে খুঁজছে। তাঁকে পাওয়া মাত্র গ্রেফতার করা হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর স্ত্রী রিণিকি ভূঞা শৰ্মার বিরুদ্ধে বিদেশে বিপুল অঙ্কের সম্পত্তি ও একাধিক দেশের পাসপোর্ট থাকার অভিযোগ তুলেছিলেন পৱন খেড়া। পরবর্তীতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শৰ্মা সংবাদ সম্মেলনে এই অভিযোগগুলি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন। এরপরই খেরার বিরুদ্ধে ক্রাইম ব্রাঞ্চে মামলা দায়ের করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *