SIR এর ভূমিকায় জ্ঞানেশ কুমারকে ভারতরত্ন দেওয়া উচিত: হিমন্ত বিশ্ব শর্মা

Spread the news

২৪ এপ্রিল : দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বৃহস্পতিবার প্রায় শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা ভোটগ্রহণ শেষে প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রথম দফায় প্রায় ৯২ শতাংশ ভোট পড়েছে।
মোট ২৯৪টি আসনের মধ্যে প্রথম পর্যায়ে ১৫২টি আসনে ভোটগ্রহণ হয়। দ্বিতীয় দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৯ এপ্রিল। প্রথম দফার উচ্চ ভোটদানের হার রাজনৈতিক মহলে জোর আলোচনা তৈরি করেছে। ভোটের সময় কিছু এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটলেও নির্বাচন কমিশন জানিয়েছে, সামগ্রিকভাবে ভোটগ্রহণ শান্তিপূর্ণ হয়েছে।

ভোট চলাকালীন বৃহস্পতিবার মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বিজেপির পক্ষ থেকে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলা হয়েছে। এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে দলীয় কর্মীদের ওপর হামলাকারীদের উপযুক্ত জবাব দেওয়া হবে। তিনি দাবি করেন, অসম ও পশ্চিমবঙ্গ—উভয় রাজ্যেই বিজেপি জয়ী হবে। অসমে বিজেপি ১০০টি এবং পশ্চিমবঙ্গে ২০০টি আসন পাবে বলেও মন্তব্য করেন তিনি। ভোটগ্রহণ শেষ হওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচারের জন্য তিনি কয়েকদিন ধরে রাজ্যে অবস্থান করছেন।

এছাড়া বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (SIR) প্রক্রিয়ায় ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকার প্রশংসা করে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “তাঁকে ভারতরত্ন দেওয়া উচিত। SIR সম্পন্ন করতে তাঁর অবদান দেশ কখনও ভুলবে না। অসমেও এই প্রক্রিয়া সম্পন্ন করা উচিত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *