২৩ এপ্রিল : তৃণমূলের বুথ সভাপতি রবীন্দ্রনাথ বালার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। বুধবার রাতের এই ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর। তবে অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতৃত্ব। একই সঙ্গে বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদ, মালদা-সহ একাধিক জেলার বিভিন্ন বুথে ইভিএম কাজ করছিল না বলে অভিযোগ উঠেছে।
ভোট গ্রহণ চলাকালীন ডোমকলের রায়পুর এলাকার ২১৭ নম্বর বুথকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসে। অভিযোগ, কিছু তৃণমূল কংগ্রেস কর্মী সিপিআইএম কর্মী ও সাধারণ ভোটারদের ভয় দেখিয়ে বুথের আশপাশ থেকে সরিয়ে দেয়। এর ফলে বহু ভোটার আতঙ্কিত হয়ে পড়েন এবং ভোটদান করতে পারেননি বলে স্থানীয় সূত্রে জানা যায়।
এছাড়া নওদায় আম জনতা পার্টির হুমায়ুন কবীরের সঙ্গে তৃণমূল নেতা কর্মীদের হাতাহাতি-বাগযুদ্ধ সপ্তমে ওঠে। অভিযোগ ভোটারদের ভয় দেখাচ্ছে তৃণমূলের লোকজন।সকালে ভোটগ্রহণেও দেরি হয়। কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় শুরু হয় ভোট। নওদার এই ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী। বাহিনীর জওয়ানরা এলাকায় টহল জোরদার করে এবং আতঙ্কিত ভোটারদের আশ্বস্ত করেন। এরপর নিরাপত্তা বলয়ে সাধারণ মানুষকে পুনরায় বুথে নিয়ে যাওয়া হয়, যাতে তারা নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।



