শিলচর-হাফলং সড়কে ভয়াবহ ধস, বন্ধ যোগাযোগ

Spread the news

মান্তু নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ২২ এপ্রিল : প্রবল বর্ষণের জেরে শিলচর–হাফলং সড়কের দিমা হাসাও জেলার হারাংগাজাও–জাটিঙ্গা লাম্পুর অংশে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। পাহাড়ি ঢাল থেকে বিপুল পরিমাণ মাটি ও পাথর সড়কের উপর ভেঙে পড়ায় গুরুত্বপূর্ণ এই রাস্তায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধস নামার পরপরই সড়কের দু’পাশে আটকে পড়ে একাধিক যাত্রীবাহী বাস, ছোট গাড়ি এবং পণ্যবাহী ট্রাক। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বহু মানুষকে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকতে হয়।

ঘটনার খবর পেয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। জেসিবি সহ ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধস সরানোর চেষ্টা চলছে। তবে টানা বৃষ্টির কারণে কাজ বারবার ব্যাহত হচ্ছে এবং নতুন করে ধস নামার আশঙ্কাও তৈরি হয়েছে।

উল্লেখ্য, বর্ষা এলেই শিলচর–হাফলং সড়কের এই পাহাড়ি অংশে ধস নামা একটি নিত্যনৈমিত্তিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থায়ী সমাধানের দাবি জানানো হলেও কার্যকর কোনও পদক্ষেপ এখনও নেওয়া হয়নি।
এদিকে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সড়ক মেরামত ও স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রশাসনের উপর চাপ বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *