রাষ্ট্রপতি বীরতা পদকে সম্মানিত কাছাড়ের বীর সন্তান আসাম রাইফেলসের হাবিলদার মোহাম্মদ খম্বাতন খান

Spread the news

বরাক তরঙ্গ, ২৪ অক্টোবর : রাষ্ট্রপতি বীরতা পদকে সম্মানিত হয়ে কাছাড় জেলার লক্ষীপুর তথা সমগ্র বরাক উপত্যকার গৌরব বৃদ্ধি করলেন অসম রাইফেলসের হাবিলদার মোহাম্মদ খম্বাতন খান। লক্ষীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত লালাং প্রথম খণ্ডের কণ্ঠগ্রাম এলাকার বাসিন্দা এই বীর জওয়ানের সম্মানপ্রাপ্তিতে এলাকাজুড়ে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে। বর্তমানে মণিপুরে ৬ আসাম রাইফেলসে কর্মরত রয়েছেন হাবিলদার মোহাম্মদ খম্বাতন খান। দেশের নিরাপত্তা রক্ষা, উত্তর-পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠা এবং উগ্রপন্থা দমন অভিযানে তাঁর সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই মর্যাদাপূর্ণ সম্মানে ভূষিত করা হয়েছে।

মণিপুরে কর্মরত আসাম রাইফেলসের জওয়ানের সাহসিকতায় গর্বিত বরাক উপত্যকা

গত ১৫ জুন নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত ডিফেন্স ইনভেস্টিচার সেরিমনি-তে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত দিয়ে তাঁকে বীরতা পদক প্রদান করা হয়। তবে ওই সময় বিদেশে প্রশিক্ষণে থাকায় অনুষ্ঠানে উপস্থিত থেকে সরাসরি পদক গ্রহণ করতে পারেননি তিনি। পরবর্তীতে রাষ্ট্রপতি ভবন থেকে পদকটি তাঁর কর্মস্থল ৬ আসাম রাইফেলসের সদর দফতরে পাঠিয়ে দেওয়া হয়।

অবশেষে গত ২৩ অক্টোবর আসাম রাইফেলসের আধিকারিকরা রাষ্ট্রপতি প্রদত্ত বীরতা পদকটি হাবিলদার মোহাম্মদ খম্বাতন খানের হাতে তুলে দেন। দীর্ঘ প্রতীক্ষার পর এই সম্মান হাতে পেয়ে তাঁর কৃতিত্বে আরও এক গৌরবময় অধ্যায় যুক্ত হল।

দেশের সুরক্ষায় তাঁর সাহসিকতা, কর্তব্যনিষ্ঠা ও আত্মনিবেদনের এই স্বীকৃতি নিঃসন্দেহে লক্ষীপুর তথা বরাক উপত্যকার তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর এই সাফল্যে গর্বিত পরিবার-পরিজন, এলাকাবাসী এবং সমগ্র বরাক উপত্যকাবাসী। দেশের সেবায় তাঁর অবদান আগামী দিনেও বহু তরুণকে দেশরক্ষার কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *