নির্বাচনী দায়িত্ব পালন করতে গিয়ে নিখোঁজ শিক্ষক, চাঞ্চল্য কাৰ্বি আংলংয়ে

Spread the news

বরাক তরঙ্গ, ১৯ এপ্রিল : নির্বাচনী দায়িত্ব পালন করতে গিয়ে আজ পর্যন্ত ঘরে ফিরে আসেননি একজন সরকারি কর্মচারী। নির্বাচনী দায়িত্ব পালন করার জন্য গত ৯ এপ্রিল রওনা হওয়া টেট শিক্ষক আজ পর্যন্ত সন্ধানহীন হয়ে থাকার খবরে কার্বি আংলং জেলায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। গত ৯ এপ্রিল অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে কার্বি আংলং এবং নগাঁও জেলার সীমান্তবর্তী রংমংবে মণ্ডলের অন্তর্গত ১৯ নং সাপো কাঠার নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় পোলিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন কর্নেলিয়াস কিন্দো নামের টেট শিক্ষক। কিন্তু নির্বাচন শেষ হওয়ার দশ দিন পার হয়ে গেলেও ওই শিক্ষক ঘরে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে নির্বাচনী দায়িত্বে থাকা সহকর্মীদের কাছে খবরাখবর নিয়ে জানতে পারেন, নির্বাচনের দিন শরীর খারাপ লাগছে বলে জানিয়ে ওই ভোটগ্রহণ কেন্দ্র থেকে বেরিয়ে যান তিনি। এবং তারপর ওই শিক্ষক কোথায় গেছেন তাঁরা এ সম্পর্কে কিছুই জানেন না বলে টেট শিক্ষককের পরিবারের সদস্যদের জানান ওই শিক্ষকের সঙ্গে থাকা নির্বাচনের দায়িত্বে থাকা অন্যান্য কর্মীরা।

রংমংবে থেকে ডিফুর ধনশিরিতে থাকা ঘরে ফিরে আসার জন্য ওই সময় কোনও গাড়ি পাওয়া সম্ভব নয় তাই ওই শিক্ষক সেখান থেকেই সন্ধানহীন হন। বিষয়টি সারা অসম আদিবাসী ছাত্র সংস্থা জেলা কমিশনারকে অবগত করার পাশাপাশি পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করে ওই টেট শিক্ষকের কোনও সন্ধান বের করতে সক্ষম হয়নি। সারা অসম আদিবাসী ছাত্র সংস্থার কার্বি আংলং জেলা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বিক্রম গোয়ালা ও বোকাজান মহকুমার এসডিপিও-র নেতৃত্বে পুলিশের একটি দল যৌথভাবে ওই এলাকায় অভিযান চালায় যদিও অভিযান ব্যর্থ হয়। তবে গভীর অরণ্য থেকে ওই শিক্ষকের জ্যাকেট উদ্ধার হলেও ওই শিক্ষকের কোনও সন্ধান মেলেনি। দ্রোন ক্যামেরা দিয়ে সমগ্র এলাকার বনাঞ্চল এবং নদীতে অভিযান চালায় পুলিশ ও ছাত্র সংগঠনটির সদস্যরা। জানা গেছে, সন্ধানহীন হওয়ার কিছু সময় আগে ওই শিক্ষককের পরিবারের সঙ্গে মোবাইল ফোনে কথাবার্তা হয়েছিল। সেসময় ওই শিক্ষক তাঁর শারীরিক অসুস্থতার কথা জানিয়েছিলেন পরিবারের সদস্যদের।

ভোটকেন্দ্রে কর্মরত সহকর্মীরা জানিয়েছেন, কর্নেলিয়াস কিন্দো নামের ব্যক্তি ভোট চলাকালীন অসুস্থ হয়ে ঘরে ফিরে যাওয়ার কথা বলে বেরিয়ে যাওয়ার পরই সন্ধানহীন হয়ে পড়েন। বর্তমানে তাঁর মোবাইল ফোনটি স্যুইচ অফ হয়ে আছে। আশ্চর্যজনক ভাবে ওই শিক্ষকের মোবাইল ফোন সম্প্রতি স্যুইচ অফ হয়ে আছে যদিও মোবাইলর শেষ লোকেশন বিশ্বনাথ জেলার আশে-পাশে দেখাচ্ছে। কর্নেলিয়াস কিন্দো কার্বি আংলং জেলার লুম্বাজং ব্লকের অন্তর্গত কাঁঠালগুড়ি নেপালি বস্তির নিম্ন প্রাথমিক বিদ্যালয় রাঙাপাহাড় ক্লাস্টারে টেট শিক্ষক হিসেবে কর্মরত ছিল। সারা অসম আদিবাসী ছাত্র সংস্থার কার্বি আংলং জেলা কমিটি এবং পুলিশের যৌথ অভিযান ব্যর্থ হওয়ার পর ছাত্র সংগঠনটি এই ঘটনার তীব্র ক্ষোভপ্রকাশ করে শিক্ষককে যেভাবে নির্বাচনের কাজে নিযুক্ত করে ভোটের কাজে পাঠানো হয়েছিল ঠিক সেইভাবে সশরীরে তাঁকে অবিলম্বে উদ্ধার না করা হলে সমগ্র কার্বি আংলং জেলা জুড়ে তীব্র প্রতিবাদী কার্যসূচি রূপায়ণ করার করার হুঁশিয়ারি প্রদান করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *