বরাক তরঙ্গ, ১৭ এপ্রিল : শিলচর ক্যান্সার হাসপাতাল ও আলিটিকর রোডের সংযোগস্থলের প্রবেশমুখ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এলাকার বাসিন্দা ও পথচারীদের নিত্যদিনের যাতায়াতে তৈরি হচ্ছে একাধিক সমস্যার। এই ব্যস্ত সড়ক দিয়ে প্রতিদিন ক্যান্সার হাসপাতালের রোগী, তাঁদের পরিবারের সদস্য এবং অসংখ্য যানবাহন চলাচল করে। কিন্তু রাস্তার ভাঙাচোরা ও জরাজীর্ণ অবস্থার কারণে প্রায়ই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। বিশেষ করে জরুরি পরিষেবার গাড়ি, যেমন অ্যাম্বুলেন্স, চলাচলে মারাত্মক বাধার সম্মুখীন হচ্ছে, যা রোগীদের জন্য বড় ঝুঁকির কারণ হয়ে উঠছে।
স্থানীয়দের অভিযোগ, রাস্তার অবকাঠামোগত দুর্বলতা ও খানাখন্দের কারণে প্রায়ই ই-রিকশা ও ছোট যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে। ফলে এলাকায় প্রতিদিনই বাড়ছে আতঙ্ক ও অনিশ্চয়তা।
এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত সংস্কার না হলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এই পরিস্থিতিতে স্থানীয়রা পূর্ত বিভাগ ও প্রশাসনের কাছে অবিলম্বে সড়কটির সংস্কারের দাবি জানিয়েছেন। তাঁদের বক্তব্য, সাধারণ মানুষের যাতায়াত এবং রোগীদের নিরাপত্তার স্বার্থে দ্রুত পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি।



