দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৬ এপ্রিল : শিলচর বিধানসভা কেন্দ্রের ২৯টি বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার স্কুল টপারদের সম্মান জানাতে বৃহস্পতিবার সন্ধ্যায় গান্ধী ভবনে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিধায়ক দীপায়ন চক্রবর্তীর উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ছাত্রছাত্রী, শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, তাঁদের এই সাফল্য অঞ্চলের অন্যান্য ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করবে। তিনি উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে কঠোর পরিশ্রম ও নিয়মিত প্রচেষ্টার ওপর বিশেষ জোর দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়, কাছাড় কলেজের অধ্যক্ষ ড. অপ্রতিম নাগ, উইমেন্স কলেজের জিবি সভাপতি বুদ্ধদেব চৌধুরী, মণ্ডল সভাপতি হীরক চৌধুরী, দুলাল দাস, পিকলু দাস এবং শতদল ভট্টাচার্যসহ অন্যান্য বিশিষ্টজন।

এছাড়াও শতভাগ পাশের হার অর্জনকারী সূর্যকুমার উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও শ্যামাচরণ দেব বিদ্যালয়কেও সংবর্ধিত করা হয়। নীলাঞ্জন পাল ও তাঁর দলের সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়, যা গোটা পরিবেশকে উৎসবমুখর করে তোলে।
অনুষ্ঠানের শেষে টপারদের হাতে সার্টিফিকেট ও সম্মাননা তুলে দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়। এদিন উপস্থিত অন্যান্যদের মধ্যে ছিলেন মৃদুল মজুমদার, কাঞ্চন সিং, ইন্দ্রাণী ভট্টাচার্য, সঞ্জয় রায়, পলী ভট্টাচার্যসহ আরও অনেকে। মোট ২৯টি বিদ্যালয়ের টপাররা এই অনুষ্ঠানে সম্মানিত হন।



