বরাক তরঙ্গ, ১৬ এপ্রিল : বাংলা নববর্ষের আনন্দঘন আবহের মধ্যেই কাছাড় জেলার কালাইন এলাকার ছলিগ্রামে নেমে এলো শোকের ছায়া। পয়লা বৈশাখে নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যাওয়া যুবকের দেহ উদ্ধার হল বৃহস্পতিবার।
জানা গেছে, বুধবার পয়লা বৈশাখ বিকেল আনুমানিক চারটা নাগাদ প্রতিদিনের মতোই নদীতে স্নান করতে যান বাহাদুর গোয়ালার ছেলে কিরণ গোয়ালা। তবে সন্ধ্যা ঘনিয়ে এলেও তিনি বাড়ি ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। পরবর্তীতে খোঁজাখুঁজি করতে গিয়ে নদীর পারে তার সাবান, চপ্পল ও কাপড় দেখতে পান পরিবার ও স্থানীয়রা, কিন্তু কিরণের কোনও সন্ধান মেলেনি। এত সন্দেহ হয় সবার।
এরপর গ্রামবাসীর সহায়তায় শুরু হয় তল্লাশি অভিযান। রাতভর খোঁজাখুঁজি চললেও কোন হদিস মেলেনি। বৃহস্পতিবার সকালে ফের তল্লাশি শুরু হলে এক নিকটাত্মীয় নদীর জলের নিচে বালিতে গাঁড়া অবস্থায় কিরণের দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে দেহটি উদ্ধার করে নদীর তীরে আনা হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করে।
এদিকে, ঘটনাটি জানাজানি হতেই বিধায়ক প্রার্থী কমলাক্ষ দে পুরকায়স্থ মানবিকতার পরিচয় দিয়ে নিজের স্বর্গরথ পাঠিয়ে দেন, যাতে মৃতদেহটি শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়।



