ফুলবাড়িতে আম্বেদকর জয়ন্তী উদযাপন, কৃতী পড়ুয়াদের সংবর্ধনা পাটনি পরিষদের

Spread the news

বরাক তরঙ্গ, ১৬ এপ্রিল : বরাক ভ্যালি পাটনি পরিষদের ফুলবাড়ি আঞ্চলিক কমিটির উদ্যোগে বুধবার ফুলবাড়ির প্রথম খণ্ড শিয়ালটেক গ্রামে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় বাবা সাহেব ড. ভীমরাও রামজি আম্বেদকরের ১৩৫তম জন্মবার্ষিকী। এদিন অনুষ্ঠানের সূচনায় পরিষদের কর্মকর্তা, অনুরাগী ও শুভানুধ্যায়ীরা বাবা সাহেবের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এরপর প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুরু হয় আলোচনা সভা।

আলোচনা সভায় বক্তারা আম্বেদকরের জীবন সংগ্রাম, তাঁর দর্শন, সমাজ থেকে অস্পৃশ্যতা দূরীকরণে তাঁর অবদান এবং পিছিয়ে পড়া মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে তাঁর ভূমিকা নিয়ে বিশদভাবে আলোকপাত করেন। “কর্ম দিয়ে মানুষের মূল্যায়ন হয়, জন্ম দিয়ে নয়”—এই বাণী উদ্ধৃত করে তাঁরা বলেন, আম্বেদকরের আপোসহীন সংগ্রামই তাঁকে চিরস্মরণীয় করে তুলেছে। সামাজিক বৈষম্যের শিকার হয়েও তিনি দেশের সংবিধান প্রণয়নের মাধ্যমে সকলের অধিকার সুনিশ্চিত করেছেন।

বক্তারা আরও উল্লেখ করেন, সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ছিলেন ফুলবাড়ি গ্রামের কৃতী সন্তান জননেতা নিবারণ চন্দ্র লস্কর, যার নেতৃত্বে অবিভক্ত কাছাড় জেলা পূর্ব পাকিস্তানে অন্তর্ভুক্ত হয়নি। তাঁরা বলেন, আম্বেদকর শুধু একটি সম্প্রদায়ের নয়, সমগ্র ভারতবাসীর কল্যাণে কাজ করেছেন। রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও তিনি কখনও নিজের নীতি-আদর্শের সঙ্গে আপস করেননি।

বর্তমান প্রজন্মের কাছে তাঁর অবদান তুলে ধরার উপর জোর দিয়ে বক্তারা বলেন, ইতিহাসকে জানাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি। একই সঙ্গে শিক্ষার প্রসারে ছাত্র-শিক্ষক-অভিভাবকের সমন্বয়ের ওপর গুরুত্ব আরোপ করা হয়। ফুলবাড়ি পাবলিক হাইস্কুলের এবারের মাধ্যমিক ফলাফল নিয়ে উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, এই ফলাফল এলাকার শিক্ষা ব্যবস্থার দুর্বলতার ইঙ্গিত দিচ্ছে এবং বিষয়টি নিয়ে সকলকে চিন্তাভাবনা করতে হবে।

এদিনের সভায় বক্তব্য রাখেন পাটনি পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্ঝর দাস, উপদেষ্টা সীতাশুশেখর দাস, আঞ্চলিক সাধারণ সম্পাদক অমলকুমার লস্করসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সভায় সভাপতিত্ব করেন বিমলচন্দ্র দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অজয় সিং, অনু দাস, শিবশঙ্কর দাস, কল্যাণকান্তি দাস, আশুতোষ দাসসহ আরও অনেকে।

অনুষ্ঠান শেষে ফুলবাড়ি আঞ্চলিক কমিটির অন্তর্গত এলাকায় এবছর মাধ্যমিকে উত্তীর্ণ কুড়িজন কৃতী শিক্ষার্থীদের ডিকশনারি ও গামছা প্রদান করে সংবর্ধিত করা হয়। শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন আঞ্চলিক সাধারণ সম্পাদক অমলকুমার লস্কর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *