বরাক তরঙ্গ, ১৬ এপ্রিল : শ্রীশ্রী ভোলানন্দগিরি মহারাজের ৯৭তম তিরোধান তিথি উপলক্ষে শিলচর রাঙ্গিরখাড়িস্থিত শ্রীশ্রী ভোলাগিরি আশ্রমে বৃহস্পতিবার বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভক্ত ও সাধুরা এই পবিত্র দিনে মহারাজের চরণে শ্রদ্ধা জানিয়েছেন।
আশ্রমের অধ্যক্ষ স্বামী ভুবনেশ্বরানন্দ গিরি মহারাজ বলেন, “ভারতবর্ষ সাধু সন্তদের দেশ। সাধু-সন্তদের জীবন সর্বস্ব ত্যাগ ও তিতিক্ষাময়। এখানে সাধুরাই মানুষকে মুক্তির পথ দেখান। এমনই একজন মহান সাধক ছিলেন শ্রীশ্রী স্বামী ভোলানন্দগিরি মহারাজ। তাঁর সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল সর্বভূতে প্রেম। যা কিছু করতেন, তা পরার্থে। অপরের প্রতি করুণা ও ভালবাসা তাঁর কাছে নিঃশ্বাস-প্রশ্বাসের মতো স্বাভাবিক ছিল। কেউ তাঁকে আঘাত করলেও তিনি তাকে ভাল না বেসে পারতেন না।

অনুষ্ঠানের সূচনা হয়েছে ভোর ৫টায় মঙ্গল আরতি দিয়ে। সকাল ৮টায় শিব রুদ্রাভিষেক, ১০টায় বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় সাধু ভাণ্ডারা ও ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যায় নিত্য উপাসনা ও সৎসঙ্গের মাধ্যমে অনুষ্ঠানমালা সমাপ্ত হয়। অনুষ্ঠানে সহযোগিতা দিয়েছেন দুইজন পুরোহিত স্বপন চক্রবর্তী ও হীরক ভট্টাচার্য সহ পঙ্কজ দে, ভোলানাথ চৌধুরী, সৌমেন দত্ত চৌধুরী, সন্তোষ রায়, সুমিত পাল, বেদব্রত রায়, বিউটি দত্ত, শঙ্কর দাস, সৌরভ চন্দ, সুশান্ত সেন প্রমুখ।



