
বরাক তরঙ্গ, ১৫ এপ্রিল : বাংলা নববর্ষ উপলক্ষে এক প্রশংসনীয় মানবিক উদ্যোগ গ্রহণ করল নেতাজি ছাত্র যুব সংস্থা। প্রতিবছরের মতো এ বছরও সংস্থার পক্ষ থেকে শহরের অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সংস্থার প্রতিনিধিরা জানান, বাংলা নববর্ষ আনন্দ ও উৎসবের দিন হলেও সমাজের অনেক মানুষের কাছে এই আনন্দ অধরাই থেকে যায়। সেই চিন্তা থেকেই ২০১১ সাল থেকে প্রতিবছর এই উদ্যোগ গ্রহণ করে আসছে সংগঠনটি। বুধবার দুপুরে হাইলাকান্দি রোড থেকে প্রেমতলা পয়েন্ট পর্যন্ত বিভিন্ন এলাকায় দিনমজুর, রিকশা ও ঠেলা চালক এবং পথবাসী গৃহহীন মানুষের হাতে মাছ, মাংস ও মিষ্টিসহ খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এদিন শতাধিক মানুষের মধ্যে এই খাদ্য বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান রসরাজ দাস, সভানেত্রী মহুয়া ভৌমিক, কার্যকরী সভাপতি রণজিৎ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক ননী গোপাল দেব, সাংগঠনিক সম্পাদক বাপ্পি আচার্য, কোষাধ্যক্ষ অনুপ দেব, সহ-সভানেত্রী সন্ধ্যা চক্রবর্তীসহ অন্যান্য সদস্যরা।
এছাড়াও উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ার-এর সভাপতি লায়ন রাজু ভৌমিক, প্রাক্তন সভাপতি সুবির বণীক ও অভিষেক দাস, প্রাক্তন সম্পাদক মলয় পাল, রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের সম্পাদক অভিজিৎ পাল, লায়ন্স ক্লাবের যুগ্ম সম্পাদক তথা সংস্থার প্রকল্প সঞ্চালক কৃষাণু ভট্টাচার্য, প্রকল্প সঞ্চালক রাজদেব দাস এবং কার্যনির্বাহী পরিচালক দিলু দাস।
সকলের সক্রিয় সহযোগিতায় কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়। পথবাসী ও শ্রমজীবী মানুষের মুখে হাসি ফোটানোই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য, যা নববর্ষের আনন্দকে আরও অর্থবহ করে তোলে। সংস্থার পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।



