
বরাক তরঙ্গ, ১৫ এপ্রিল : গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মাদক পাচার রুখতে শিলচর পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত প্রায় ১১টা ২০ মিনিটে শিলচর থানার অধীন রামনগর বাইপাস এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে মণিপুরের চুড়াচাঁদপুর থেকে শিলচরের দিকে আসা একটি ইকো ভ্যান আটক করা হয়। গাড়িটি তল্লাশি চালিয়ে দুই ব্যক্তিকে আটক করা হয়। ধৃতরা হল থাংবোই এবং টংসাট সিংসন। তাদের বাড়ি মণিপুরের চুড়াচাঁদপুর জেলার থানলন এলাকার খোংজাং গ্রামে।
তল্লাশির সময় তাদের কাছ থেকে মোট ২৪টি সাবানের কেসে লুকানো প্রায় ২৯০ গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়। পাশাপাশি দু’টি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। এনডিপিএস আইনের বিধি মেনে সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করা হয়।
ড্রাগ ডিটেকশন কিটে পরীক্ষার পর উদ্ধার হওয়া পদার্থটি হেরোইন বলে নিশ্চিত হয়েছে। পুলিশ জানিয়েছে, কালোবাজারে এই মাদকের আনুমানিক মূল্য প্রায় ১.৫ কোটি টাকা। ঘটনায় ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।



