মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১০ আগস্ট : হাইলাকান্দিতে ১৫ বছর বয়সি এক নাবালিকার কথিত গণধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছে নারী অধিকার ও সামাজিক কল্যাণে কাজ করা স্বেচ্ছাসেবী সংস্থা সঞ্চাল ফাউন্ডেশন।
ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্তের পাশাপাশি ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা, আইনি সহায়তা ও পুনর্বাসনের দাবিতে সংস্থার পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী এবং আসামের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার কাছে স্মারকলিপি পাঠানো হয়েছে। গত ৯ আগস্ট সঞ্চাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সুচরিতা ধর শিলচর লোকসভা কেন্দ্রের সাংসদ পরিমল শুক্লবৈদ্য এবং করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মল্লাহর সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন। বৈঠকে তিনি ঘটনাটির বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি সংস্থার পাঁচ দফা দাবি সাংসদদের হাতে তুলে দেন। বিষয়টি কেন্দ্র ও রাজ্য সরকারের সংশ্লিষ্ট মহলের নজরে আনার আশ্বাস দিয়েছেন দুই সাংসদ।
সংস্থার দাবির মধ্যে রয়েছে মামলাটির দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট ট্র্যাক বিশেষ আদালত গঠন, আইন অনুযায়ী কিশোর অভিযুক্তের প্রাপ্তবয়স্ক হিসেবে বিচার বিবেচনা এবং অপরাধ প্রমাণিত হলে আইনে নির্ধারিত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা। একই সঙ্গে ফরেনসিক তথ্য, আলামত ও সাক্ষ্য-প্রমাণ যথাযথভাবে সংগ্রহ করে শক্তিশালী চার্জশিট দাখিলের দাবিও জানানো হয়েছে।
ভুক্তভোগী পরিবারের জন্য বিনামূল্যে আইনি সহায়তা, আর্থিক সহযোগিতা, মানসিক পরামর্শ ও দীর্ঘমেয়াদি পুনর্বাসনের ব্যবস্থারও দাবি জানিয়েছে সংস্থাটি।
সুচরিতা ধর বলেন, মাত্র ১৫ বছরের শিশুর এমন পরিণতি সমাজ ও মানবতার জন্য গভীর আঘাত। আইন ও সংবিধানের প্রতি আস্থা রেখেই ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত তাঁদের লড়াই চলবে। তাঁর মতে, দ্রুত তদন্ত ও বিচার এবং দোষীদের কঠোর শাস্তি নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে শক্তিশালী বার্তা দেবে।



