কালাইন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র ভর্তি সঙ্কট ঘিরে বিক্ষোভ, সড়ক অবরোধ

Spread the news

বরাক তরঙ্গ, ১৪ এপ্রিল : কাছাড় জেলার কালাইন এলাকায় ছাত্র ভর্তি সমস্যাকে কেন্দ্র করে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে নবম ও ষষ্ঠ শ্রেণীতে সীমিত আসন বরাদ্দের জেরে বিক্ষোভে ফেটে পড়েন ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকরা। মঙ্গলবার দুপুরে ক্ষুব্ধ অভিভাবক ও পড়ুয়ারা ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে নিজেদের দাবি জানান। ফলে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, চলতি শিক্ষাবর্ষে নবম ও ষষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য প্রায় ৬ শতাধিক ছাত্রছাত্রী আবেদন করে এবং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ বাছাই করে মাত্র ২৫ জনকে নবম শ্রেণীতে এবং ৫০ জনকে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি নেওয়ার সিদ্ধান্ত নেয়। এতে অধিকাংশ আবেদনকারী বাদ পড়ে যাওয়ায় চরম সমস্যায় পড়েন ছাত্র-ছাত্রী ও তাদের পরিবার। অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সমস্যার কোনো সুরাহা না হওয়ায় বাধ্য হয়েই আন্দোলনের পথ বেছে নেন তারা।

এদিকে, ক্ষুব্ধ অভিভাবকরা সংবাদমাধ্যমের সামনে তীব্র অভিযোগ তুলে বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষ বেআইনিভাবে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ৫০ টাকা করে ফি আদায় করেছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তাঁদের দাবি, সমগ্র শিক্ষার নিয়ম ও সরকারি গাইডলাইন অনুযায়ী প্রত্যেক যোগ্য ছাত্র-ছাত্রীকে বিদ্যালয়ে ভর্তি করানো বাধ্যতামূলক, সেখানে আসন সংকটের অজুহাত দেখিয়ে শতাধিক পড়ুয়াকে বঞ্চিত করা হচ্ছে। এটি শুধু অনৈতিকই নয়, শিক্ষার অধিকার লঙ্ঘনের সামিল বলেও অভিযোগ করেন অভিভাবকরা। পাশাপাশি তাঁরা প্রশ্ন তোলেন, সম্প্রতি প্রায় সাত কোটি টাকা ব্যয়ে নতুন শ্রেণিকক্ষ নির্মাণের কাজ চলার পরও কেন ছাত্রছাত্রীদের জন্য পর্যাপ্ত আসনের ব্যবস্থা করা হচ্ছে না। এত বিপুল পরিকাঠামো থাকা সত্ত্বেও ভর্তি বন্ধ রাখা প্রশাসনিক গাফিলতি নাকি পরিকল্পিত সিদ্ধান্ত—তা নিয়েও ক্ষোভ উগরে দেন অভিভাবকরা। দ্রুত এই সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *