সোনাইয়ে আড়াই বছরের শিশুকন্যা নিখোঁজ, নদীতে তলিয়ে যাওয়া নাকি অপহরণ—উদ্বিগ্ন পরিবার

Spread the news

বরাক তরঙ্গ, ১৪ অক্টোবর : সোনাই বিধানসভা এলাকার ভাউরিকান্দি জিপির সুন্দরী প্রথম খণ্ডে মামার বাড়ি থেকে নিখোঁজ হয়েছে দুই বছর চার মাস বয়সি এক শিশুকন্যা। নিখোঁজ শিশুটির নাম ওয়াহিদা বেগম মজুমদার। তার বাবা সাহানুর আহমদ মজুমদার। শিশুটির পৈতৃক বাড়ি কচুদরম চতুর্থ খণ্ডের গাঙুলি গ্রামে।

পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল আনুমানিক ৩টা নাগাদ মামার বাড়ি থেকে নিখোঁজ হয় ওয়াহিদা। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করলেও এখনও পর্যন্ত তার কোনও সন্ধান পাওয়া যায়নি।

শিশুটির নিখোঁজ হওয়ার ঘটনায় তৈরি হয়েছে নানা প্রশ্ন। পরিবারের আশঙ্কা, অসাবধানতাবশত শিশুটি সোনাই নদীতে তলিয়ে যেতে পারে। পাশাপাশি, তাকে অপহরণ করা হয়েছে কি না, সেই আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না পরিবারের সদস্যরা। তবে এখনও পর্যন্ত শিশুটির নিখোঁজ হওয়ার প্রকৃত কারণ স্পষ্ট হয়নি।

ঘটনার খবর পেয়ে কচুদরম পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। অন্যদিকে, মঙ্গলবার সন্ধ্যা ঘনিয়ে আসায় নদীতে তল্লাশির জন্য এসডিআরএফকে খবর দেওয়া হয়নি বলে পরিবার সূত্রে জানা গেছে। বুধবার এসডিআরএফ পৌঁছে নদীতে সন্ধান চালাচ্ছে।

এদিকে, ছোট্ট শিশুকন্যার নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার-পরিজনদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। শিশুটিকে দ্রুত খুঁজে বের করতে পুলিশি তল্লাশি জোরদার করার পাশাপাশি প্রয়োজনীয় উদ্ধার অভিযান চালানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *