বিহু : গরুকে স্নান করাতে গিয়ে সলিলসমাধি যমজ দুই ভাইয়ের

Spread the news

বরাক তরঙ্গ, ১৪ এপ্রিল : গোটা রাজ্যে গরু বিহুর আনন্দ-উৎসবের আবহের মধ্যেই গোয়ালপাড়া জেলায় ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। জেলার কৃষ্ণাইয়ের ভোজমালা এলাকায় গরু বিহুর প্রথা পালন করতে গিয়ে নদীতে গরু ধোয়ার সময় ডুবে মৃত্যু হয় দীপঙ্কর নাথ ও দেবাশিস নাথ নামে দুই যমজ কিশোরের। নবম শ্রেণির ছাত্র এই দুই ভাই টেঙাবাড়ি গ্রামের বাসিন্দা ছিল। উৎসবের আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হয়েছে এই ঘটনায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে গরু বিহুর রীতি অনুযায়ী দুই ভাই অন্যান্য গ্রামবাসীদের সঙ্গে কৃষ্ণাই নদীতে গরু ধোয়ার উদ্দেশ্যে যায়। সেই সময় আচমকাই তারা গভীর জলে তলিয়ে যায় এবং অল্প সময়ের মধ্যেই নিখোঁজ হয়ে পড়ে। উপস্থিত লোকজন তাৎক্ষণিকভাবে উদ্ধারের চেষ্টা চালালেও ব্যর্থ হয় এবং পরে প্রশাসনকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (SDRF)-এর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ তল্লাশির পর নদী থেকে দুই ভাইয়ের নিথর দেহ উদ্ধার করা হয়। একসঙ্গে দুই সন্তানের অকালমৃত্যুতে শোকস্তব্ধ পরিবার, আর গোটা টেঙাবাড়ি গ্রামজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *