১৩ এপ্রিল : কংগ্রেস নেতা পাওয়ান খেরাকে দেওয়া ট্রানজিট অগ্রিম জামিনের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে অসম সরকার। তেলেঙ্গানা হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই রবিবার এই আবেদন দায়ের করা হয়েছে বলে জানা গেছে। চলতি সপ্তাহেই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
গত ১০ এপ্রিল তেলেঙ্গানা হাইকোর্ট পাওয়ান খেরাকে এক সপ্তাহের ট্রানজিট অগ্রিম জামিন মঞ্জুর করে। এর ফলে তিনি অসমের উপযুক্ত আদালতে গিয়ে আইনি সুরাহার আবেদন করার সময় পান। আদালত জানায়, গ্রেপ্তার হওয়ার আশঙ্কা তার ক্ষেত্রে যুক্তিসঙ্গত, তবে মামলার মূল বিষয়বস্তু নিয়ে কোনো মন্তব্য করেনি।
আদালত আরও নির্দেশ দেয়, গ্রেফতার হলে ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড ও দু’জন জামিনদারের ভিত্তিতে তাকে মুক্তি দিতে হবে। পাশাপাশি তদন্তে সহযোগিতা করা, প্রয়োজন অনুযায়ী তদন্তকারী অফিসারের সামনে হাজির হওয়া এবং আদালতের অনুমতি ছাড়া দেশ ছেড়ে না যাওয়ার নির্দেশও দেওয়া হয়। এছাড়া মামলাটি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করার ক্ষেত্রে সংযম বজায় রাখতে বলা হয়েছে খেরাকে।
উল্লেখ্য, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রী রিনিকি ভূঞা শর্মাকে নিয়ে করা মন্তব্যকে কেন্দ্র করে এই মামলা দায়ের হয়। খেরা অভিযোগ করেছিলেন, মুখ্যমন্ত্রীর স্ত্রীর একাধিক পাসপোর্ট ও বিদেশি সম্পত্তি রয়েছে, যা ৯ এপ্রিলের বিধানসভা নির্বাচনের হলফনামায় উল্লেখ করা হয়নি।
এই মন্তব্যের পর গুয়াহাটি ক্রাইম ব্রাঞ্চ থানায় ভারতীয় ন্যায় সংহিতার (BNS) একাধিক ধারায়, যেমন মিথ্যা তথ্য প্রদান ও প্রতারণা সংক্রান্ত অভিযোগে মামলা রুজু হয়। গ্রেপ্তারি থেকে সুরক্ষা চেয়ে গত ৭ এপ্রিল তেলেঙ্গানা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পাওয়ান খেরা।



