বরাক উপত্যকায় পিএনজি-সিএনজি বাস্তবায়নে গতি আনার দাবি সিটুর

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১২ এপ্রিল : বরাক উপত্যকায় পাইপড ন্যাচারাল গ্যাস (পিএনজি) ও কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) পরিষেবা দ্রুত ও পূর্ণাঙ্গভাবে চালুর দাবি তুলেছে সিটু। প্রাকৃতিক গ্যাসের পর্যাপ্ত উৎস থাকা সত্ত্বেও শিলচরসহ সমগ্র উপত্যকায় পরিষেবার অগ্রগতি ধীরগতির বলে অভিযোগ করে সংগঠন জানিয়েছে, ফলে সাধারণ মানুষ, শিল্প ও বাণিজ্যিক খাত প্রত্যাশিত সুবিধা পাচ্ছে না। রবিবার শিলচরের এক হোটেলের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলনে সিটু ও ওএনজিসি কর্মীদের ট্রেড ইউনিয়নের সদস্যরা জানান, ওএনজিসি এ অঞ্চলে গ্যাস ও কন্ডেনসেট উৎপাদন করছে এবং ২০১৯ সালে এজিসি‌এলের সঙ্গে ১,২০,০০০ এসসিএমডি গ্যাস ক্রয়ের চুক্তি হয়েছিল। কিন্তু পিবিজিপিএলের মাধ্যমে বর্তমান ক্রয় নেমে এসেছে মাত্র ১,৫০০-১,৭০০ এসসিএমডিতে, যা চুক্তির তুলনায় নগণ্য।

সভাপতি সুপ্রিয় ভট্টাচার্য বলেন, “পাইপলাইন নেটওয়ার্ক ও সিএনজি অবকাঠামো যথাযথভাবে সম্প্রসারিত না হওয়ায় গ্যাসের পূর্ণ ব্যবহার সম্ভব হচ্ছে না। আপার আসামের জেলাগুলোতে যে গতিতে পিএনজি-সিএনজি এগোচ্ছে, বরাক উপত্যকায় তা নেই।” শিলচরের কিছু অংশ ও সোনাইয়ের কয়েকটি এলাকায় সীমিত সরবরাহ চালু হলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল। সংগঠনের মতে, পুরো উপত্যকায় গ্যাস সরবরাহ চালু হলে আমদানি নির্ভরতা কমবে, স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে এবং গৃহস্থালী, বাণিজ্যিক ও শিল্প খাতে নির্ভরযোগ্য জ্বালানি নিশ্চিত হবে। বিশ্ববাজারে এলপিজি আমদানির অনিশ্চয়তা ও যুদ্ধসদৃশ পরিস্থিতিতে দেশীয় গ্যাসের কার্যকর ব্যবহার জরুরি। পিএনজি নিরাপদ ও পরিবেশবান্ধব জ্বালানি হিসেবে প্রতিটি ঘরে পাইপলাইন পৌঁছে দেওয়ার জন্য পিবিজিপিএলকে দ্রুত সক্রিয় করতে হবে।

কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হর্দীপ সিং পুরীর দৃষ্টি আকর্ষণ করে বরাক উপত্যকায় অনুসন্ধান-উন্নয়ন ত্বরান্বিত করার আবেদন জানানো হয়েছে। অসম ও ভারত সরকারের কাছে অনুরোধ, পিবিজিপিএলকে নির্দেশ দিয়ে শিলচরসহ দক্ষিণ অসমে পিএনজি-সিএনজি সম্প্রসারণ ত্বরান্বিত করুন।

সাংগঠনিক সম্পাদক রাজেন কোঁওয়ার বলেন, “গ্যাসের বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও বাস্তবায়নে দেরি হচ্ছে। দ্রুত পাইপলাইন সম্প্রসারণ, পিএনজি সংযোগ বৃদ্ধি ও সিএনজি অবকাঠামো উন্নয়ন জরুরি।”সাংবাদিক সম্মেলনে সাধারণ সম্পাদক হীরেশ চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক হেমন্ত বরা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *