বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১২ এপ্রিল : হঠাৎ ঝড়ের দাপটে বিপর্যস্ত হয়ে পড়ল শিলচর শহর। রবিবার দুপুরে ঝড়ের তাণ্ডবে শহরের বিভিন্ন এলাকায় একাধিক বড় গাছ উপড়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি ব্যাহত হয়েছে যান চলাচল। জানা গেছে, শিলচর সার্কিট হাউস রোডে একটি প্রকাণ্ড গাছ ভেঙে পড়ে দু’টি গাড়ির ক্ষতি সাধন করে। এর ফলে ওই রাস্তায় যান চলাচল সম্পূর্ণরূপে ব্যাহত হয়।

অন্যদিকে, ডাকবাংলা রোডের খ্রিস্টান লাইব্রেরির সামনে একটি বিশাল বটগাছ উপড়ে পড়ে একটি স্কুটির ব্যাপক ক্ষতি করে। ক্ষতিগ্রস্ত স্কুটির মালিক মিঠুন পাল, যার বাড়ি সোনাই রোড এলাকায় বলে জানা গেছে।

এছাড়াও, শিলচর ডিভিশনাল ফরেস্ট অফিসের সামনেও একটি বড় গাছ পড়ে যাওয়ায় রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে এবং যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে। শিলচর ট্রাঙ্ক রোডের আরবান হসপিটালের সামনে সড়কের উপর গাছ পড়ে যাতায়াত বন্ধ হয়ে পড়ে। রাস্তা সফাইয়ের কাজ চলছে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত গাছ সরিয়ে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টা চলছে।



