বরাক তরঙ্গ, ১ জুন : কাছাড় পুলিশের মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে কালাইনছড়া এলাকার পুরনো এমভিআই গেট সংলগ্ন ৬ নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে ২৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য দেড় কোটির টাকারও বেশি।
অতিরিক্ত পুলিশ সুপার রজতকুমার পালের নেতৃত্বে কালাইন থানা ও গোমরা পুলিশ ফাঁড়ির যৌথ দল AS-01 ET-6933 নম্বরের একটি গাড়িতে তল্লাশি চালায়। তল্লাশির সময় গাড়ির গোপন চেম্বার থেকে ২২টি সাবানের কেসে লুকিয়ে রাখা হেরোইন উদ্ধার করা হয়।
এই ঘটনায় নগাঁও জেলার বাসিন্দা আশিকুর রহমান ও গাড়ির চালক মোক্তার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে কালাইন থানায় মামলা রুজু করা হয়েছে এবং মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত অন্যদের খোঁজে তদন্ত অব্যাহত রয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, মিজোরাম থেকে হেরোইন এনে কাছাড়ের মধ্য দিয়ে অন্য রাজ্যে পাচারের পরিকল্পনা ছিল চক্রটির। মাদকের বিরুদ্ধে কাছাড় পুলিশের ধারাবাহিক অভিযানে এটি একটি উল্লেখযোগ্য সাফল্য বলে মনে করা হচ্ছে।



