দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ৭ এপ্রিল : নির্বাচনী প্রচারের শেষ লগ্নে ধলাই বিধানসভা কেন্দ্রে শক্তি প্রদর্শনে নজর কাড়ল কংগ্রেস। দলীয় প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থের সমর্থনে এক বিশাল বাইক র্যালির আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন বিহারের সাংসদ পাপ্পু যাদব। পানিভরা থেকে শুরু হওয়া এই বাইক র্যালি ধলাইয়ের বিভিন্ন এলাকা পরিক্রমা করে দোয়ারবন্ধ পর্যন্ত পৌঁছায়। শতাধিক মোটরবাইকের অংশগ্রহণে র্যালিটি এক বিশাল জনসমাগমে পরিণত হয়। নির্বাচনের ঠিক আগে এই কর্মসূচির মাধ্যমে কংগ্রেস তাদের সংগঠনগত শক্তি ও জনসমর্থনের বার্তা দেওয়ার চেষ্টা করেছে বলে রাজনৈতিক মহলের অভিমত।
র্যালি চলাকালীন রাস্তার দু’পাশে দাঁড়িয়ে বহু সাধারণ মানুষকে হাত নেড়ে সমর্থন জানাতে দেখা যায়। অনেকেই বাড়ি থেকে বেরিয়ে এসে ফুলের মালা ও গামছা দিয়ে প্রার্থীকে অভ্যর্থনা জানান, ফলে পুরো পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে।

এদিন বিকেলে দক্ষিণ ধলাইয়ের ভাগাবাজার এলাকায় অনুষ্ঠিত এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে পাপ্পু যাদব কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তোলেন। তিনি বলেন, “বর্তমান সরকার মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তাই আগত নির্বাচনে জনগণকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।”

তিনি আরও আহ্বান জানান, “ধলাই আসনে কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থকে বিপুল ভোটে জয়ী করে গৌরব গগৈ-এর নেতৃত্বে একটি শক্তিশালী ও জনমুখী সরকার গঠনে সহযোগিতা করুন।”
জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক জালাল আহমদ মজুমদার, নরসিংপুর ব্লক কংগ্রেস সভাপতি রাজেন পালিতসহ দলের একাধিক নেতা। উপস্থিত ছিলেন কংগ্রেসের বিভিন্ন স্তরের কর্মী-সমর্থকরা।
সব মিলিয়ে, ভোটের আগে শেষ মুহূর্তে এই বাইক র্যালি ও জনসভার মাধ্যমে ধলাইয়ে কংগ্রেস তাদের শক্ত অবস্থান তুলে ধরতে সক্ষম হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।



