বরাক তরঙ্গ, ৬ এপ্রিল : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হাইলাকান্দির রাজনৈতিক আবহ ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই শাসক বিরোধী সব দলের প্রচার তৎপরতা তুঙ্গে। রবিবার হাইলাকান্দিতে বিজেপির এক বিশাল জনসভা কার্যত শক্তি প্রদর্শনের রূপ নেয়। মণিপুরের মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং সহ ৮ জন বিধায়ক এবং মণিপুর বিজেপির রাজ্য সভানেত্রী এ সারদা দেবীর উপস্থিতিতে রাজেশ্বরপুর (লেইশরামখুন)-র থৌগান মারুপ হলে এই জনসভা অনুষ্ঠিত হয়। হাইলাকান্দির ১২১ নম্বর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মিলন দাসের সমর্থনে আয়োজিত এই সভায় সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে দলীয় কর্মী সমর্থক এবং সাধারণ মানুষের ঢল নামে। সভাস্থল দলীয় পতাকা ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে। উপস্থিত জনসমাগম প্রমাণ করে দেয় যে নির্বাচনের আগে এই অঞ্চলে বিজেপি তাদের সংগঠনকে মজবুত করতে মরিয়া।
সভায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন বিজেপির হাইলাকান্দি জেলা সহ সভাপতি বিভাস সিনহা অগপ-র কেন্দ্রীয় কমিটির সম্পাদক তথা অবসরপ্রাপ্ত এসিএস শান্তিকুমার, ওয়াইএমসিএর লিগ্যাল অ্যাডভাইজার রমাকান্ত সিংহ এবং চিফ অ্যাডভাইজার রাজু খুমুজম সহ আরও অনেকে। তাঁদের প্রত্যেকেই নিজেদের বক্তব্যে বিজেপির উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে ড° মিলন দাসের পক্ষে সমর্থন জানান। সভায় মূল বক্তা হিসেবে উপস্থিত মণিপুরের মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং তাঁর বক্তব্যে আত্মবিশ্বাসের সুরে জানান যে আসন্ন বিধানসভা নির্বাচনে অসমে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে।
তিনি বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমূলক পদক্ষেপ এবং জনমুখী নীতির ফলেই সাধারণ মানুষের আস্থা বিজেপির উপর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তিনি আরও বলেন, বর্তমান সময়ে উন্নয়নই বিজেপির প্রধান লক্ষ্য এবং সেই লক্ষ্যকে সামনে রেখেই দল এগিয়ে চলেছে। আর এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উপস্থিত জনতাকে ঐক্যবদ্ধভাবে বিজেপি প্রার্থী মিলন দাসকে জয়ী করতে আহ্বান জানান। এছাড়াও, বক্তব্যে তিনি মনিপুরের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, সেখানে ইতিমধ্যেই পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে এবং উন্নয়নের কাজও ধারাবাহিকভাবে এগিয়ে চলেছে। উপস্থিত অন্যান্য বক্তারাও বিজেপির বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প অবকাঠামোগত উন্নয়ন এবং জনকল্যাণমূলক উদ্যোগের কথা তুলে ধরে দলীয় প্রার্থীর পক্ষে ভোট প্রদানের আবেদন জানান। তাঁদের বক্তব্যে স্পষ্টভাবে ফুটে ওঠে যে নির্বাচনের আগে সংগঠনকে আরও শক্তিশালী করতে এবং ভোটারদের কাছে পৌঁছাতে দল সর্বশক্তি প্রয়োগ করেছে। রাজনৈতিক মহলের মতে এই ধরনের বৃহৎ জনসমাবেশ এবং উচ্চ পর্যায়ের নেতাদের উপস্থিতি হাইলাকান্দির নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।



