বরাক তরঙ্গ, ১ এপ্রিল : দিন দিন বাড়ছে জনসাধারণের উৎসাহ—এমনটাই দাবি করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শৰ্মা। টিহুতে নির্বাচনী সভায় তিনি বলেন, “এত উৎসাহ আমরা আগে কোনও নির্বাচনে দেখিনি। আমি বহু নির্বাচন লড়েছি। এবারে আমার মনে হচ্ছে আমরা ৯০ আসন পার করব, এমনকি ১০০-র কাছাকাছি পৌঁছে যাব—এটা আমার নিজস্ব মূল্যায়ন।”
বুধবার টিহু বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী চন্দ্রমোহন পাটোয়ারির সমর্থনে প্রচারে গিয়ে কার্যত নির্বাচনী ফলাফল আগাম ঘোষণা করে দেন মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিরোধীদের সম্ভাব্য আসন নিয়ে তিনি বলেন, “কংগ্রেস ২০-র নিচেই থাকবে। রাইজর দল একটি আসন পাবে—ধিংয়ে। অসম জাতীয় পরিষদ একটি আসনও জিততে পারবে না। কংগ্রেস ১৬-১৭টি এবং এআইইউডিএফ ৫-৬টি আসনে জিততে পারে। রাইজর দল ১, জাতীয় পরিষদ ০ বলে আগাম নির্বাচনী ফল ঘোষণা করলেন মুখ্যমন্ত্রীর। শিবসাগরে তীব্র ত্রিমুখী লড়াই চলছে, সেখানে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হবে।”
নলবাড়ি জেলার টিহু কেন্দ্রে বেলশরে অনুষ্ঠিত সভায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শৰ্মা উপস্থিত হয়ে নির্বাচনী গানের তালে নাচ-গান করে প্রচারের সূচনা করেন। তিনি বলেন, “অসমে আবারও বিজেপি সরকার গঠিত হবে এবং চন্দ্রমোহন পাটোয়ারি পুনরায় জিতবেন। তাই সামান্য বৃষ্টি হয়েছে। টিহুতে এবারে আমরা রেকর্ড সংখ্যক ভোটে জিতব।”
কংগ্রেসের ইশতেহার নিয়ে কড়া আক্রমণ শানিয়ে তিনি বলেন, “কংগ্রেস ‘নতুন বড় অসম’ গড়ার কথা বলছে, কিন্তু তারা বাংলাদেশ থেকে আসা মানুষ ও ‘মিঞা’ সম্প্রদায়কে যুক্ত করতে চাইছে। আমরা তা হতে দেব না।”
মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, “জাতি-মাটি-ভেটি রক্ষা করা আমাদের দায়িত্ব। কোনও দুর্নীতি ছাড়াই ১ লক্ষ ৬৫ হাজার চাকরি দেওয়া হয়েছে। এর আগে কোনো সরকার এত চাকরি দিতে পারেনি।” পাশাপাশি তিনি ঘোষণা করেন, ভবিষ্যতে আরও ২ লক্ষ চাকরি, ১০ লক্ষ মানুষকে মুখ্যমন্ত্রীর উদ্যোগ প্রকল্পের সুবিধা এবং মহিলাদের ২৫ হাজার টাকা করে দেওয়া হবে।
এছাড়া উন্নয়নের প্রতিশ্রুতি হিসেবে বিল্বেশ্বর দেবালয়ের জন্য ২৫ কোটি টাকা, চামতায় এয়ার-কন্ডিশনড প্রেক্ষাগৃহ, টিহুতে একটি স্টেডিয়াম, চামতা ও টিহুতে দু’টি ডাকবাংলো, প্রতিটি হাইস্কুলে ৫ কোটি টাকা, মথাউরি নির্মাণ এবং শহিদ স্মৃতি কলেজে কমার্স শাখা চালুর আশ্বাস দেন হিমন্ত বিশ্ব শৰ্মা।
সভা শেষে তিনি আরও দাবি করেন, টিহু, নলবাড়ি ও বরক্ষেত্রেও বিজেপি জিতবে। নামনি অসমে এনডিএ ধুবড়ি, গোলকগঞ্জ, বঙাইগাঁও, অভয়াপুরি, বরপেটা, ভবানীপুর ও বজালিতে জয়ী হবে। পাশাপাশি বিটিএডির সব আসন এনডিএর দখলে যাবে বলেও দাবি করেন তিনি।



