ধলাইয়ে পালংঘাট মণ্ডলে জোরদার প্রচার অমিয়কান্তির

Spread the news

বরাক তরঙ্গ, ১ এপ্রিল : ধলাই কেন্দ্রে জোরকদমে প্রচার চালাচ্ছে বিজেপি। দলের মনোনীত প্রার্থী অমিয়কান্তি দাশকে সামনে রেখে পালংঘাট মণ্ডলে সুসংগঠিত ও বিস্তৃত প্রচারসূচি গ্রহণ করা হয়েছে।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দিনভর বিভিন্ন শক্তি কেন্দ্র ও বুথ এলাকায় ধারাবাহিকভাবে প্রচার চালানো হচ্ছে। বিলটিলা ও রুকনি গ্রাম পঞ্চায়েতের অধীনে ১৭৯, ১৯১, ১৯৩ ও ১৯৪ নম্বর বুথে কার্যক্রম অনুষ্ঠিত হয়। পাশাপাশি পালংঘাট শিববাড়ি এলাকায় ১৮৫, ১৮৭ ও ১৮৮ নম্বর বুথে জোরদার জনসংযোগ করা হয়।

পশ্চিম দুলালগ্রাম এলাকায় ১৮০ ও ১৮১ নম্বর বুথকে কেন্দ্র করে প্রচার চালানো হয়। অন্যদিকে দুলালগ্রাম মালুগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ১৮২, ১৮৩ ও ১৮৪ নম্বর বুথে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও পালংঘাট মণ্ডলের ১৮৬, ১৯৫ ও ১৯৬ নম্বর বুথে শক্তি কেন্দ্রভিত্তিক সভার মাধ্যমে দলীয় বার্তা ভোটারদের কাছে পৌঁছে দেওয়া হয়।

দলীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে রাত পর্যন্ত প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ এলাকায় ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করছেন নেতা-কর্মীরা। বিশেষ করে বিকেল ও সন্ধ্যার সভাগুলিতে মানুষের ব্যাপক সাড়া মিলছে। এসব সভায় প্রার্থীর উন্নয়নমূলক ভাবনা, কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হচ্ছে।

এদিকে, রাজনগর কুলিছড়া গ্রাম পঞ্চায়েত এলাকার নরসিংহপুর মণ্ডলেও আজ বিজেপির পক্ষ থেকে নতুন সদস্য অন্তর্ভুক্তি কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে বহু মানুষ বিজেপিতে যোগদান করেন। নতুন সদস্যদের স্বাগত জানিয়ে অমিয় কান্তি দাশ বলেন, উন্নয়নের এই যাত্রায় তাঁদের অংশগ্রহণ দলকে আরও শক্তিশালী করবে এবং তৃণমূল স্তরে সংগঠনকে সুদৃঢ় করবে। প্রচার অভিযানে অমিয় কান্তি দাশ উন্নয়ন, কর্মসংস্থান, রাস্তা-ঘাট, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। তিনি জানান, মানুষের আস্থা ও সমর্থন নিয়েই ধলাই কেন্দ্রে উন্নয়নের ধারা আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে।
রাজনৈতিক মহলের মতে, এ ধরনের সুসংগঠিত শক্তি কেন্দ্রভিত্তিক প্রচার নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে এবং ধলাইয়ের নির্বাচনী লড়াইকে আরও তীব্র করে তুলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *