বরাক তরঙ্গ, ৩১ মার্চ : শিলচর বিধানসভার অন্তর্গত চেংকুড়ি রোডের ৩১ নম্বর ওয়ার্ডে অবস্থিত নবোদয় ক্লাব প্রাঙ্গণে মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো বিজেপির মনোনীত প্রার্থী ডাঃ রাজদ্বীপ রায়ের এক নির্বাচনী জনসভা। সভাকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং বিপুল সংখ্যক সমর্থকের উপস্থিতিতে প্রাঙ্গণটি জনসমুদ্রে পরিণত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির কাছাড় জেলা কমিটির প্রাক্তন সভাপতি বিমলেন্দু রায়, নারায়ণ চৌধুরী, শিলচর ডেভেলপমেন্ট অথরিটির প্রাক্তন চেয়ারম্যান মঞ্জুল দেব এবং নিউ শিলচর মণ্ডল সভাপতি দুলাল দাসসহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। জেলা বিজেপির কার্যকরী সদস্য তথা ক্লাবের সভাপতি সুজিত দাস চৌধুরী অতিথিদের উত্তরীয় পরিয়ে সম্মান জানান।
সভায় বক্তব্য রাখতে গিয়ে ডাঃ রাজদ্বীপ রায় কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন। তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ আজ বিশ্বমঞ্চে শক্ত অবস্থানে পৌঁছেছে এবং মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসাম উন্নয়নের নতুন দিগন্তে এগিয়ে চলেছে।” তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানান, “জনসমর্থন দেখে বলা যায়, এবারও বিজেপির জয় নিশ্চিত।”
পুরুষ ও মহিলা—উভয় শ্রেণির মানুষের উল্লেখযোগ্য উপস্থিতি সভাটিকে আরও প্রাণবন্ত করে তোলে। রাজনৈতিক মহলের মতে, এই ধরনের জনসমাগম আসন্ন নির্বাচনে প্রচারের তীব্রতা আরও বাড়ার ইঙ্গিত দিচ্ছে। এদিন অন্যান্যদের মধ্যে অর্চিতা নাথ, মিঠুন দাস, ঝুমা দাস, বিজয় ভট্টাচার্য, শঙ্কর রায়, দিলীপ দাস, রূপক দাস, পিনাক দত্ত, প্রদীপ দেবনাথ, রুমা চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।



