বরাক তরঙ্গ, ৩১ মার্চ : অসম বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মঙ্গলবার বিজেপি তাদের সংকল্পপত্র প্রকাশ করেছে। গুয়াহাটি মহানগরের বশিষ্ঠ এলাকায় অবস্থিত বাজপেয়ী ভবনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই সংকল্পপত্র উন্মোচন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া এবং কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, জনগণের মতামতের ভিত্তিতেই এই সংকল্পপত্র প্রস্তুত করা হয়েছে। ৩ লক্ষাধিক লিখিত পরামর্শ এবং প্রায় ২০ লক্ষ মানুষের মতামত সংগ্রহ করে এই দলিল তৈরি করা হয়েছে।
সংকল্পপত্র প্রকাশ করে নির্মলা সীতারমন বলেন, “৬ দশকে কংগ্রেস যা করতে পারেনি, বিজেপি তা মাত্র ১০ বছরে সম্পন্ন করেছে। ‘সুরক্ষিত অসম, বিকশিত অসম’ গড়ার লক্ষ্যে বিজেপি কাজ করে চলেছে। বর্তমানে অসম দেশের দ্রুত বিকাশমান অর্থনীতির অন্যতম উদাহরণ।”
তিনি আরও বলেন, রাজ্যে সেমিকন্ডাক্টর প্রকল্পের মাধ্যমে শিল্পায়নের নতুন যুগের সূচনা হয়েছে। গত ১০ বছরে অসম দ্রুত উন্নয়নের পথে এগিয়েছে এবং রাজ্যের জিএসডিপি বৃদ্ধি পেয়ে ৭ লক্ষ ১৪ হাজার কোটি টকায় পৌঁছেছে। ডাবল ইঞ্জিন সরকারের ফলে উন্নয়ন আরও ত্বরান্বিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এছাড়া তিনি জানান, জাগীরোডের সেমিকন্ডাক্টর প্রকল্পে বহু যুবক-যুবতী কর্মসংস্থান পেয়েছেন। নুমালীগড় রিফাইনারিতে ৩৪ হাজার কোটি টাকার বিনিয়োগ করা হয়েছে এবং নামরূপ ইউরিয়া সার কারখানায় ১০ হাজার কোটিরও বেশি বিনিয়োগ হয়েছে।
মুখ্যমন্ত্রীর প্রশংসা করে তিনি বলেন, যুব সমাজের বেকারত্ব দূরীকরণে বিজেপি সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। রাজ্যের পরিবহন ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন হয়েছে, রেলপথের ১০০ শতাংশ বিদ্যুতায়ন সম্পন্ন হয়েছে এবং বিমান পরিষেবা উন্নত করতে সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। অসমে আরও ৪টি নতুন বিমানবন্দর নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
তিনি আরও বলেন, গত ৫০ বছরে কংগ্রেস যেখানে ব্রহ্মপুত্রের উপর মাত্র ৩টি সেতু নির্মাণ করেছিল, সেখানে বিজেপি গত ১০ বছরে ৯টি সেতু নির্মাণ করেছে। এছাড়া, রাজ্যে শান্তি প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেও বিজেপি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে।



