মধুরাপুলে জলাবদ্ধতায় নাজেহাল তিন হাজার পরিবার, ভোট বয়কট ও অসহযোগ আন্দোলনের হুঁশিয়ারি

Spread the news

বরাক তরঙ্গ, ২৯ মার্চ : কাছাড় জেলার উধারবন্দ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মধুরাপুল এলাকায় দীর্ঘদিন ধরে জমে থাকা জলের কারণে প্রায় তিন হাজার পরিবার চরম দুর্ভোগের শিকার। বৃহত্তর রংপুর এলাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হলেও নিষ্কাশনের কোনও ব্যবস্থা না থাকায় পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠেছে। এর ফলে শিশু থেকে বৃদ্ধ—সকলেই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।

রবিবার বৃহত্তর মধুরাপুল এলাকায় আয়োজিত এক প্রতিবাদী সভায় ক্ষুব্ধ বাসিন্দারা আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের ডাক দেন। পাশাপাশি, আগামী দু-এক দিনের মধ্যে মধুরাপুল পয়েন্টে অসহযোগ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তাঁরা।

স্থানীয়দের অভিযোগ, হিফজুর রহমান নামে এক ব্যক্তি জমি ক্রয় করে জল নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ করে দেওয়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয় বিধায়ক মিহিরকান্তি সোম এবং জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ।

সভা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ভুক্তভোগীরা কাছাড় জেলা প্রশাসনের কাছে দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা।

প্রতিবাদী সভায় উপস্থিত ছিলেন ধ্রুবজ্যোতি সাহা, আশু পাল, মাসুম রাজা লস্কর, রংপুর পঞ্চায়েতের প্রতিনিধি আলতাফ হোসেন লস্কর, ওয়ারিশ আলি লস্কর, মঞ্জুল কাদির লস্করসহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *