“মানুষ এ বার পরিবর্তন চাইছেন”—শিলচরে দাবি কংগ্রেস প্রার্থী অভিজিৎ পালের

Spread the news

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৪ মার্চ : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে শিলচর রাজনৈতিক মহলে তাপমাত্রা ক্রমশ বাড়ছে। এই প্রেক্ষাপটে শাসক সরকারের বিরুদ্ধে তীব্র অসন্তোষের অভিযোগ তুলে পরিবর্তনের দাবি জানালেন কংগ্রেস প্রার্থী অভিজিৎ পাল।

মঙ্গলবার শিলচর শহরের বিবেকানন্দ রোডে তাঁর নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “মানুষ এ বার পরিবর্তন চাইছেন। গত দশ বছরে শহরের উন্নয়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি।” তিনি অভিযোগ করেন, শিলচরের মতো একটি গুরুত্বপূর্ণ শহর দীর্ঘদিন ধরে নানাবিধ সমস্যায় জর্জরিত। বিশেষ করে জমে থাকা জল এবং সঠিক জলনিকাশ ব্যবস্থার অভাব শহরবাসীর প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাঁর দাবি, গত দশ বছরে প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল এবং দীপায়ন চক্রবর্তীর কার্যকালে এই সমস্যার স্থায়ী সমাধানে কোনো পরিকল্পিত উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমান বিজেপি প্রার্থী তথা সাংসদ ডাঃ রাজদীপ রায়ের বিরুদ্ধেও তোপ দাগেন অভিজিৎ পাল। তিনি বলেন, সাংসদ থাকাকালীন রাজদীপ রায় উল্লেখযোগ্য উন্নয়নমূলক কাজ করতে পারেননি, ফলে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হয়নি।

এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন এআইসিসির মিডিয়া কনভেনর নিশাথ আব্বাস, দেবদীপ দত্ত, সূর্যকান্ত সরকার, সৌম্যদীপ পুরকায়স্থ, সজল বণিক ও অনুপম পালসহ একাধিক কংগ্রেস নেতা-কর্মী।

অভিজিৎ পাল জানান, তিনি নির্বাচিত হলে শিলচরের জমাজল সমস্যা, যানজট এবং পানীয়জলের সংকটকে অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে। পাশাপাশি শহরের সামগ্রিক উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ এবং নাগরিক পরিষেবার মানোন্নয়ন তাঁর মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, “জনগণের প্রত্যাশা পূরণে একটি স্বচ্ছ ও কার্যকর প্রশাসন গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *