কংগ্রেসে যোগ দিলেন বিজেপির প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন, কাটিগড়ায় জোর রাজনৈতিক জল্পনা

Spread the news

মান্তু নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ২১ মার্চ : সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কংগ্রেসে যোগ দিলেন বিজেপির প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন। শনিবার গুয়াহাটির রাজীব ভবনে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন তিনি। যোগদানের মুহূর্তের ছবি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

অমরচাঁদ জৈনের এই দলবদলকে ঘিরে বিশেষ করে কাটিগড়া বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে তুমুল রাজনৈতিক আলোচনা। তাঁর কংগ্রেসে যোগদান কাটিগড়ার রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

উল্লেখ্য, কাছাড় জেলার প্রায় সব আসনে কংগ্রেস প্রার্থী ঘোষণা করলেও কাটিগড়া কেন্দ্রে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফলে জল্পনা তৈরি হয়েছে—এই আসনে অমরচাঁদ জৈনকেই কি ‘চমক’ প্রার্থী হিসেবে সামনে আনতে চলেছে কংগ্রেস? দলীয় সূত্রে গুঞ্জন, তিনি নাকি ইতিমধ্যেই বিফর্ম সংগ্রহ করেছেন, যদিও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

এদিকে, তাঁর দলবদলকে কেন্দ্র করে কংগ্রেসের অন্দরমহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত কর্মী-সমর্থকদের একাংশ প্রশ্ন তুলেছেন—বিজেপি থেকে আসা নেতাকে কি এত সহজেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে?

এই প্রশ্ন ঘিরেই তৈরি হয়েছে ‘আদর জামাই’ বিতর্ক, যা এখন স্থানীয় রাজনীতির অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে। একই সঙ্গে কংগ্রেসের রাজনৈতিক অবস্থান নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। একদিকে বিজেপির নীতি ও আদর্শের বিরোধিতা, অন্যদিকে সেই দল থেকেই আসা নেতাকে দলে জায়গা দেওয়া—একে অনেকেই আদর্শগত আপস হিসেবে দেখছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *