নির্বাচনকে ঘিরে কড়া আবগারি অভিযান, কাটলিছড়ায় বাজেয়াপ্ত দেশি মদ তৈরির সামগ্রী

Spread the news

বরাক তরঙ্গ, ২১ মার্চ : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হাইলাকান্দি জেলাজুড়ে আবগারি বিভাগের তৎপরতা আরও জোরদার হয়েছে। অবৈধ মদ ব্যবসার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়ে যাচ্ছে বিভাগ। শনিবার দক্ষিণ হাইলাকান্দির বিভিন্ন প্রত্যন্ত এলাকায় আকস্মিক অভিযান চালায় আবগারি বিভাগ। কাটলিছড়া আবগারি সার্কেলের অধীনে যুগিছড়া, হাতিডুবা, কুকিছড়া সহ একাধিক গ্রামে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ দেশি মদ ও মদ তৈরির উপকরণ বাজেয়াপ্ত করা হয়।

অভিযান চলাকালীন প্রায় ১২ লিটার দেশি মদ এবং প্রায় ১৫০ কেজি ‘ফার্মেন্টিং ওয়াশ’ উদ্ধার করা হয়। পাশাপাশি দুটি মদ তৈরির পাত্রও জব্দ করা হয়। বাজেয়াপ্ত সামগ্রীগুলিকে ঘটনাস্থলেই ধ্বংস করে দেয় আবগারি বিভাগ।

এই ঘটনায় ‘আসাম আবগারি (সংশোধনী) আইন, ২০১৮’-এর ধারা ৫৩ (আইএ) ও (ডি) অনুযায়ী পাঁচটি দাবিহীন মামলা রুজু করা হয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, এদিন মোট সাতটি পৃথক অভিযান চালানো হয়।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই হাইলাকান্দি জেলার বিভিন্ন এলাকায় অবৈধ মদ ব্যবসার বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে যাচ্ছে আবগারি বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *