বরাক তরঙ্গ, ২১ মার্চ : শনিবার ভোরে দিগর শ্রীকোণা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল দু’টি বয়লার মুরগির খামার। ঘটনায় ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন স্থানীয় ব্যবসায়ী সুভাষ দাস।
জানা গেছে, ভোরের প্রথম প্রহরে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে খামার দু’টি আগুনে গ্রাস হয়ে যায়। খামারের ভেতরে থাকা মুরগি, খাদ্য, ওষুধসহ সমস্ত জরুরি সামগ্রী পুড়ে সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লক্ষ টাকা বলে অনুমান করা হচ্ছে।

খবর পেয়ে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে খামারগুলোর প্রায় সবকিছুই ভস্মীভূত হয়ে যায়।

খামার মালিক সুভাষ দাস জানান, ওই খামারগুলোতেই হাজারের বেশি মুরগি ছিল এবং সেটিই ছিল তাঁর প্রধান জীবিকার উৎস। এই অগ্নিকাণ্ডে তিনি বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
ঘটনায় কোনো হতাহতের খবর না মিললেও আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



