বরাক তরঙ্গ, ২০ মার্চ : বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা (বাকস)-এর উদ্যোগে এবং স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার সৌজন্যে আয়োজিত চতুর্দশ বাকস মিডিয়া ক্রিকেট ফেস্টে নির্ধারিত হয়েছে ফাইনালের দুই দল। রবিবারের ফাইনালে বরাক বুলেটিন মিডিয়া চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে নববার্তা মিডিয়া ওয়ারিয়র্স।
শুক্রবার অনুষ্ঠিত সেমিফাইনালে বরাক বুলেটিন ৫ উইকেটে পরাজিত করে রুবিকা খবর হিরোজকে। অন্যদিকে, বৃষ্টির কারণে বিঘ্নিত দ্বিতীয় সেমিফাইনালে নাটকীয়ভাবে ‘বল-আউট’ পদ্ধতিতে ২-১ ব্যবধানে প্যারামাউন্ট নিউজ রকার্সকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় নববার্তা।
এবারই প্রথম বাকস মিডিয়া ক্রিকেটে ‘বল-আউট’ নিয়ম প্রয়োগ করা হয়। বরাক বুলেটিন ও রুবিকার ম্যাচ শেষ হওয়ার পর বৃষ্টি শুরু হয়ে ক্রমশ বাড়তে থাকায় আম্পায়ার গোপীকান্ত সিনহা ও প্রসেনজিৎ রায় দ্বিতীয় ম্যাচটি আয়োজন সম্ভব নয় বলে ঘোষণা করেন। ফলে পূর্ব নির্ধারিত নিয়ম অনুযায়ী ইন্ডোর নেটে বল-আউটের মাধ্যমে ফল নির্ধারণ করা হয়।

বল-আউটে প্যারামাউন্টের হয়ে প্রথমে বিশ্বনাথ হাজাম স্টাম্প ভাঙতে সক্ষম হন, যদিও নববার্তার ধ্রুবজ্যোতি ব্যর্থ হন। পরবর্তীতে উভয় দলের একাধিক খেলোয়াড় ব্যর্থ হলে প্যারামাউন্ট ১-এই আটকে যায়। নববার্তার হয়ে খয়রুল আলম চৌধুরী সমতা ফেরান। শেষ প্রচেষ্টায় হুমায়ুন কবীর জসিম নিখুঁত লক্ষ্যভেদ করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
এর আগে প্রথম সেমিফাইনালে টস জিতে রুবিকাকে ব্যাট করতে পাঠায় বরাক বুলেটিন। ১৫ ওভারে ৫ উইকেটে ১২৩ রান তোলে রুবিকা। দলের হয়ে দেবাশিস দাস ৪২, অমলাভ দাশ ৩৪ ও শিবানন্দ সিং ১৩ রান করেন। অতিরিক্ত থেকে আসে ২৩ রান। বরাক বুলেটিনের হয়ে অনির্বাণ রায়চৌধুরী ও মনোজ রায় দুটি করে উইকেট নেন।

জবাবে ১৪.১ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বরাক বুলেটিন। মনোজ রায় ৫৮ রানের ঝড়ো ইনিংস খেলেন। এছাড়া সত্যজিৎ শুক্লবৈদ্য ১৮ ও প্রীতম দাস ১৫ রান যোগ করেন। রুবিকার হয়ে দেবাশিস দাস ২টি উইকেট নেন।
এদিন ম্যাচ সেরার পুরস্কার পান মনোজ রায়। সুপার সিক্সার এবং এমভিপি পুরস্কারও তার ঝুলিতে যায়। দেবাশিস দাস পান সুপার এন্টারটেইনার সম্মান। বিশ্বজিৎ দত্ত হন ‘ম্যান অব দ্য মোমেন্ট’।
ইদ-উল-ফিতর উপলক্ষে শনিবার কোনো ম্যাচ নেই। আগামী রবিবার ২০ ওভারের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।



