বরাক তরঙ্গ, ১৮ মার্চ : যুব কংগ্রেসের পর এবার বিভিন্ন দল ও সংগঠন থেকে হাজার খানেক যুবক অসম গণ পরিষদে যোগদান করেছেন। বুধবার দুপুরে সোনাই শহরের এক অনুষ্ঠান ভবনে আয়োজিত অনুষ্ঠানে বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া-র উপস্থিতিতে এই বৃহৎ যোগদান কর্মসূচি সম্পন্ন হয়। এদিন নবাগত যুবকদের দলে বরণ করে নেন করিম উদ্দিন বড়ভূইয়া ওরফে সাজু। যোগদানকারী যুবকেরা জানান, নিজেদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে এবং উন্নয়নের স্বার্থে তারা সরকারপক্ষের সঙ্গে থেকে করিম উদ্দিন বড়ভূইয়ার পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি সোনাইয়ে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে আসন্ন নির্বাচনে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তারা।
উল্লেখ্য, এর আগের দিনই দুই শতাধিক যুব কংগ্রেসিরা অগপে যোগ দিয়েছিল। তার পরদিনই বিভিন্ন দল ও সংগঠন থেকে হাজারাধিক যুবকের যোগদানে সোনাইয়ের রাজনীতিতে রীতিমতো চমক সৃষ্টি করেছেন এনডিএ জোটের সম্ভাব্য প্রার্থী করিম উদ্দিন বড়ভূইয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে করিম উদ্দিন বড়ভূইয়া বলেন, সোনাইয়ের সার্বিক উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে চলেছেন এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, প্রতিবাদী যুবকদের কণ্ঠস্বরকে সম্মান জানিয়ে তারা যাতে স্বাধীনভাবে ও নির্ভয়ে নিজেদের দাবি তুলে ধরতে পারে, সেই পরিবেশও নিশ্চিত করা হবে। অনুষ্ঠানে যুবকদের পক্ষ থেকে বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরে বক্তব্য রাখেন রশিদ আহমদ লস্কর, ফয়সল করিম বড়ভূইয়া, মিসবাহুল ইসলাম চৌধুরী, শরিফুল আলমসহ অন্যান্যরা।




