১৮ মার্চ : বিধ্বংসী আগুন দিল্লিতে৷ বহুতল আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তে আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাটি ঘটে দক্ষিণ-পশ্চিম দিল্লির পালম এলাকায়। বুধবার ভোরে আচমকা একটি আবাসিক বহুতলে আগুন লেগে অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘিঞ্জি এলাকা হওয়ায় এহেন অগ্নিকাণ্ডের জেরে তীব্র আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে। আটকে পড়া মানুষদের উদ্ধারে শুরু হয়েছে বিশাল তল্লাশি অভিযান। বুধবার সকাল ৭টা নাগাদ ঘটনার খবর পায় দমকল। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে শুরু হয় উদ্ধারকাজ। পালম এলাকার একটি জনবসতিপূর্ণ বহুতলে ঘটনাটি ঘটেছে৷ ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনের প্রাণহানির খবর মিলেছে। জানা গিয়েছে, ঘটনাস্থলে পাঠানো হয়েছে দমকলের ৩০টি ইঞ্জিন।
দমকল সূত্রের খবর, ওই এলাকাটি অত্যন্ত ঘিঞ্জি। ফলে সেখানে পৌঁছাতে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় কর্মীদের। দমকলের এক আধিকারিক জানিয়েছেন, খবর পাওয়া মাত্রই উদ্ধারকাজ শুরু হয়। ভিতরে আরও কেউ আটকে আছেন কি না, তা খুঁজে দেখছেন উদ্ধারকারীরা। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে।
তবে আগুনের উৎস নিয়ে এখনও দ্বন্দ্ব কাটেনি। শর্ট সার্কিট না কি অন্য কোনও কারণে এই বিপর্যয়, তা খতিয়ে দেখছে প্রশাসন। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।



