বড়জালেঙ্গায় বিভিন্ন প্রকল্পের শিলান্যাস জেলা পরিষদ সদস্য ধর্মেন্দ্র তেওয়ারির

Spread the news

বরাক তরঙ্গ, ১৬ মার্চ : জেলা পরিষদ উন্নয়ন তহবিল থেকে ১৬ লক্ষ টাকা ব্যয়ে তিনটি উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করলেন আইরংমারা সোনাছড়া জেলা পরিষদ সদস্য ধর্মেন্দ্র তেওয়ারি। রবিবার পঞ্চায়েত প্রতিনিধি ও দলীয় কর্মকর্তাদের সঙ্গে নিয়ে নিজের জেলা পরিষদ তহবিল থেকে প্রকল্প গুলির আনুষ্ঠানিক শিলান্যাস করেন তিনি। 

এদিন প্রথমে সোনাছড়া গ্রাম পঞ্চায়েতের বারিক অফিস এলাকায় ৬ লক্ষ টাকা ব্যয়ে একটি শ্মশানঘাট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উক্ত প্রকল্পটি সোনাছড়া, বাগবাহার এবং ধোয়ারবন্দ বস্তির মানুষের জন্য গুরুত্বপূর্ণ সেবা প্রদান করবে বলে জানান জেলা পরিষদ সদস্য ধর্মেন্দ্র। এরপর আইরংমারা বাজারে ৫ লক্ষ টাকা ব্যয়ে হাইমাস্ট লাইট ও ৫ লক্ষ টাকা ব্যয়ে ধোয়ারবন্দ বাজারে হাইমাস্ট লাইট স্থাপন কাজের শিলান্যাস করেন। 

নিজের বক্তব্যে জেলা পরিষদ সদস্য ধর্মেন্দ্র জানান আইরংমারা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা—এখানেই রয়েছে বিশ্ববিদ্যালয়, বাজার। প্রতিদিন প্রচুর মানুষের যাতায়াত হওয়ায় এলাকার নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যেই তিনি তার প্রথম তহবিল থেকে আইরংমারা বাজার এলাকাকে আলোকিত করার উদ্যোগ নিয়েছেন। আধুনিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তিতে এখানে একটি হাইমাস্ট লাইট স্থাপন হবে। এছাড়াও ধোয়ারবন্দ বাজার পয়েন্টে আধুনিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তিতে একটি হাইমাস্ট ফ্লাড লাইট স্থাপন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। তিনি বলেন, গুরুত্বপূর্ণ এই বাজার এলাকায় আশেপাশ এলাকার বহু মানুষ প্রতিদিন বাজার করতে আসেন, গতিকে রাতের সময় পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। আইরংমারা সোনাছড়া জেলা পরিষদ এলাকার উন্নয়নে গতি আনতে উনার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান জেলা পরিষদ সদস্য ধর্মেন্দ্র তেওয়ারি। 

এদিন শিলান্যাস অনুষ্ঠান উপলক্ষ্যে পৃথক পৃথক স্থানে উপস্থিত ছিলেন ধলাই বিধান সভার বিজেপির সহ-প্রভারি রাহুল ভট্টাচার্য, ধলাইয়ের নির্বাচন ইনচার্জ বিধায়ক নারায়ণ দত্ত শর্মা, সোনাছড়া গ্রাম পঞ্চায়েত সভাপতি দিবাকর গোয়ালা, ধোয়ারবন্দ জিপি সভানেত্রী মায়ারানি নুনিয়া, আইরংমারা জিপির প্রাক্তন সভাপতি প্রবীর ভট্টাচার্য, আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা সৃজনা অধিকারী, বিজেপির বড়জালেঙ্গা মণ্ডল সাধারণ সম্পাদকদ্বয় যথাক্রমে সুপায়ন চৌধুরী ও সুদীপকুমার প্রমুখ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *