অল্প বৃষ্টিতেই কৃত্রিম বন্যায় প্লাবিত শিলচর শহর, জল নিষ্কাশনের ব্যবস্থা নেই—অভিযোগ কংগ্রেসের

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৬ মার্চ : অল্প বৃষ্টিপাতেই কৃত্রিম বন্যার কবলে পড়ছে শিলচর শহর। বৃষ্টির জল বেরোনোর উপযুক্ত ব্যবস্থা না থাকায় শহরের বিভিন্ন এলাকায় জল জমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে বলে অভিযোগ তুলেছে কংগ্রেস।

সোমবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি অভিজিৎ পালসহ দলের কর্মীরা জানান, মাত্র দুদিনের বৃষ্টিতেই শিলচর শহরের একাধিক এলাকা কৃত্রিম বন্যায় প্লাবিত হয়েছে। শহরের রাঙ্গির খাল ও সিংগির খাল আবর্জনায় ভরে থাকায় বৃষ্টির জল বেরোনোর পথ নেই। ফলে বিলপার অঞ্চলসহ বিভিন্ন এলাকার ঘরবাড়িতে জল ঢুকে পড়েছে। বিলপার এলাকার বাসিন্দারা ঘরের ভেতরে জল ঢুকে পড়ায় চরম দুর্ভোগের মুখে পড়েছেন। জল জমে যাওয়ায় যাতায়াতেও চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাদের। বৃষ্টির জল বেরোনোর রাস্তা না থাকায় নালার জল রাস্তায় উঠে আসছে বলেও অভিযোগ।

অভিজিৎ পাল জানান, এখনও বর্ষাকাল শুরু হয়নি। কিন্তু মাত্র দুদিনের বৃষ্টিতেই বিশেষ করে বিবেকানন্দ রোড, পাবলিক স্কুল রোড, বিলপার, লিংক রোড ও শরৎপল্লীসহ বেশ কিছু এলাকার রাস্তা ও বাড়িঘর জলের নিচে চলে গেছে। নিকাশি ব্যবস্থার অভাবে বৃষ্টির জল নালায় জমে ঘরবাড়ি ও দোকানে ঢুকে পড়ছে, যার ফলে সাধারণ মানুষকে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাতে হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, জল নিষ্কাশনের জন্য আজ পর্যন্ত পৌরসভার পক্ষ থেকে কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এ বিষয়ে একাধিকবার পৌরসভায় আবেদন করা হলেও এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে দাবি করেন তিনি। অভিজিৎ পাল ও কংগ্রেস কর্মীরা প্রশাসনের কাছে দ্রুত শিলচর শহরের জল নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *