১৭ মে : ছত্তিশগড়ের অম্বিকাপুর শহরের গান্ধী চক এলাকার কংগ্রেসের জেলা কার্যালয়ে ঘটে গেল এক অদ্ভুত চুরির ঘটনা। পার্টি অফিস থেকে একসঙ্গে ৭২টি কল খুলে নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। শুধু তাই নয়, পালানোর আগে বাথরুমের মেঝেতে বড় বড় অক্ষরে লিখে রেখে গিয়েছে— ‘লাভ ইউ’। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গিয়েছে, গান্ধী চক এলাকার ভিআইপি জোনে অবস্থিত কংগ্রেসের জেলা কার্যালয় ‘রাজীব ভবন’-এ শনিবার সকালে কর্মী-সমর্থকেরা অফিস খুলতে এসে প্রথমে বিষয়টি টের পান। এক কর্মী বাথরুমে গিয়ে হাত-মুখ ধোয়ার সময় দেখেন কল উধাও। পরে খোঁজ নিয়ে দেখা যায়, শুধু একটি বাথরুম নয়, গেস্ট রুম, রান্নাঘর-সহ গোটা পার্টি অফিসের সব কলই খুলে নিয়ে গিয়েছে চোরেরা।
কংগ্রেস কর্মীদের দাবি, অত্যন্ত নিখুঁতভাবে কলগুলো খুলে নেওয়া হয়েছে। কোথাও কোনও ভাঙচুর বা আঁচড়ের চিহ্নও নেই। ঘটনার খবর পেয়ে দ্রুত কার্যালয়ে পৌঁছান জেলা কংগ্রেস সভাপতি বালকৃষ্ণ পাঠক। তিনি বলেন, “এটি কোনও নেশাগ্রস্ত বা সমাজবিরোধী চক্রের কাজ বলেই মনে হচ্ছে।” তবে বাথরুমের মেঝেতে লেখা ‘লাভ ইউ’ বার্তাকে ঘিরে ক্ষোভে ফেটে পড়েন কংগ্রেস কর্মীরা। তাঁদের বক্তব্য, “এত বড় দুঃসাহস না থাকলে কেউ এভাবে লিখে যেতে পারে না।”
এটাই প্রথম নয় বলে জানিয়েছেন জেলা সভাপতি। এর আগেও রাজীব ভবনে তিন বার চুরির ঘটনা ঘটেছে। বারবার এমন ঘটনায় শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিজেপি সরকারকে নিশানা করেন বালকৃষ্ণ পাঠক। তাঁর অভিযোগ, “চোরেরা পালানোর আগে বার্তা লিখে রেখে গিয়েছে। এটি সরাসরি পুলিশ-প্রশাসনকে কটাক্ষ করার সামিল।”
ঘটনার পর কংগ্রেস নেতারা অম্বিকাপুর থানা-য় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত চোরদের কোনও হদিশ মেলেনি এবং উদ্ধার হয়নি চুরি যাওয়া কলগুলোও। তবে এই অদ্ভুত চুরির ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই গোটা শহরে শুরু হয়েছে জোর চর্চা ও হাস্যরস। কেন শুধুমাত্র কল চুরি করেই পালাল দুষ্কৃতীরা, তা নিয়েও উঠছে নানা প্রশ্ন।



