বরাক তরঙ্গ, ১৯ মে : কাছাড় জেলা পুলিশের বিভিন্ন থানায় প্রশাসনিক রদবদল করা হয়েছে। সোমবার জারি হওয়া এক নির্দেশে জেলার ৭ জন সাব-ইন্সপেক্টরকে বদলি করেন কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার সঞ্জীবকুমার শইকিয়া। নির্দেশ অনুযায়ী, শিলচর সদর থানার টিএসআই শুভজিৎ দত্তকে বদলি করে লায়লাপুর পেট্রোল পোস্টের ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, বাঁশকান্দি পুলিশ পেট্রোল পোস্টের ইনচার্জ অচ্যুত নাথকে আনা হয়েছে শিলচর সদর থানার টিএসআই পদে। এছাড়া, শিলচর সদর থানায় কর্মরত রিপন নমশূদ্রকে বাঁশকান্দি পুলিশ পেট্রোল পোস্টের নতুন ইনচার্জ করা হয়েছে।
রদবদলের তালিকায় আরও রয়েছেন রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ অচ্যুতকুমার ফুকন। তাঁকে ধোয়ারবন্দ থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অপরদিকে, ধোয়ারবন্দ থানার ওসি বিদ্যুৎ বিকাশ মরাণকে বদলি করে রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ করা হয়েছে।
লায়লাপুর পেট্রোল পোস্টের ইনচার্জ দিবাকর গগৈকে বিহাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পদে নিয়োগ করা হয়েছে। আর বিহাড়া ফাঁড়ির ইনচার্জ অজয় দাসকে বদলি করে শিলচরের তারাপুর পুলিশ ফাঁড়িতে পাঠানো হয়েছে।
পুলিশ প্রশাসনের এই রদবদলকে ঘিরে জেলাজুড়ে প্রশাসনিক মহলে চর্চা শুরু হয়েছে।



