বিশেষ প্রতিবেদক, মরিগাঁও।
বরাক তরঙ্গ, ১ আগস্ট : মরিগাঁও জেলার বিভিন্ন জায়গায় সাইবার অপরাধীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড় সাফল্য অর্জন করেছে পুলিশ। জানা গেছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে শুক্রবার রাতে মরিগাঁও, লাহরিঘাট ও ভূরাগাঁও পুলিশে যৌথ অভিযান চালিয়ে সাতটি কুখ্যাত সাইবার অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতার হওয়া সাইবার অপরাধীদের নাম ক্রমে বোয়ালগুড়ি গ্রামের বাবুল ইসলাম, টেঙাগুড়ি গ্রামের আজাহারুল ইসলাম, বরখাবল গ্রামের ইনামুল করিম, বরবরি গ্রামের জইদুল ইসলাম, ভূঞাবাড়ি গ্রামের ইজাহারুল ইসলাম এবং হাফিজ উদ্দিন, মৈরাবারীর আশ্রাফুল ইসলাম বলে শনাক্ত করে পুলিশ।
ধৃত সাইবার অপরাধীর কাছ থেকে সাইবার অপরাধে ব্যবহৃত মোবাইল ফোন ও বেশ কিছু আপত্তিজনক নথিপত্র বাজেয়াপ্ত করে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত সাইবার অপরাধীদের বিরুদ্ধে মৈরাবাড়ি থানার একটি সাইবার অপরাধের মামলার ভিত্তিতেই গ্রেফতার করে।
উল্লেখ্য, মরিগাঁও জেলার সংখ্যালঘুদের প্রধান অঞ্চলে লাহরিঘাট, মৈরাবাড়ি ও ভুরাগাঁও অঞ্চলের একাংশ সাইবার অপরাধী অন্য মানুষের নামে ভুয়া পান কার্ড, আঁধার কার্ড ব্যবহার করে বিভিন্ন ব্যাঙ্ক থেকে জালিয়াতি করে লক্ষ লক্ষ টাকার ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে। এদিকে ধৃত সাইবার অপরাধীদেরকে অধিক তথ্যের জন্য জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখছে পুলিশ।



