২৯ নভেম্বর : ঝাড়খণ্ডে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন। মৃতদের মধ্যে পাঁচজন পুরুষ, চারজন মহিলা এবং চারটি শিশু রয়েছে। শনিবার গভীর রাতে রাঁচি-পাটনা ৩৩ নম্বর জাতীয় সড়কে রামগড় জেলার পানকির কাছে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতরা সকলেই বিহারের নালন্দা জেলার জাংহারো গ্রামের বাসিন্দা।
জানা গিয়েছে, বিহারের নালন্দা থেকে একটি স্করপিও গাড়িতে চেপে ১৪ জন ঝাড়খণ্ডের বিখ্যাত রাজারাপ্পা মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন। গভীর রাতে জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় রাত প্রায় দুটো নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। তবে সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে গাড়িটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দলের সদস্যরা। শুরু হয় উদ্ধারকাজ। ঘটনাস্থলেই বা হাসপাতালে নিয়ে যাওয়ার পর মোট ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। গুরুতর আহত অপর এক ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
অন্যদিকে, মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। কীভাবে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।



