বরাক তরঙ্গ, ২ জুলাই : মিজোরামে ভয়াবহ দুর্ঘটনা শ্রীভূমি জেলার তিন ব্যক্তি প্রাণ হারিয়েছেন। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে ওয়াগনআর বাহন ধাক্কা দেয়। এতে তিনজনের মৃত্যু হয় এবং দু’জন গুরুতর আহত হন। বৃহস্পতিবার রাত ২টা নাগাদ মিজোরামের কোলাসিব জেলার ভেংলাই ইস্ট ও দিয়াককাউন সীমান্তবর্তী শিলচর রোডে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, আইজলগামী একটি ওয়াগনআর (AS10 G-1931) রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরির (MZ01 T-8293) পেছন থেকে ধাক্কা দেয়। সংঘর্ষের জেরে লরিটি প্রায় ৫০ মিটার পিছিয়ে গিয়ে সাব-হেডকোয়ার্টার্স ওয়াইএমএ ভবনের কাছে উল্টে পড়ে এবং নিচে চাপা পড়ে যায় ওয়াগনআরটি।
গাড়িতে থাকা ২ জনকে জীবিত উদ্ধার করা হলেও, লরির নিচে চাপা পড়ে ৩ জনের মৃত্যু হয়েছে। ভোর সাড়ে ৪টার দিকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়।
খবর পেয়ে পুলিশ ও সাব-হেডকোয়ার্টার্স ওয়াইএমএ-র সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালান। ভারী যন্ত্রের সাহায্যে উল্টে থাকা লরি সরানো হয়।
জানা গেছে, ওয়াগনআরের চালক ও যাত্রীরা শ্রীভূমি জেলার বাসিন্দা। তবে পরিচয় জানা যায়নি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহতদের ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে।




