বড়খলায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, গুরুতর ছানি শনাক্ত ২১ জনের

Spread the news

বরাক তরঙ্গ, ৬ সেপ্টেম্বর : কাছাড় জেলার বড়খলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভাঙ্গারপার জিপি অফিসে বিনামূল্যে ছানি শনাক্তকরণ ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। ‘ইয়োথস এগেইনস্ট সোশ্যাল ইভিলস’ (ইয়াসি)-এর উদ্যোগে এবং ‘প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্ট’-এর সহযোগিতায় এই শিবির অনুষ্ঠিত হয়।
শিবিরে মোট ১০১ জন রোগীর চক্ষু পরীক্ষা করা হয়। বিশিষ্ট চিকিৎসক ডাঃ অংশ জিন্দাল এবং অপ্টোমেট্রিস্ট কৌশিক পাল রোগীদের চক্ষু পরীক্ষা করেন। পরীক্ষায় ২১ জনের গুরুতর ছানি সমস্যা শনাক্ত হয়।

ট্রাস্টের ম্যানেজার দেবজ্যোতি দাস জানান, নির্ধারিত তারিখ অনুযায়ী আগামী এক সপ্তাহের মধ্যে চিহ্নিত রোগীদের শিলচরের চৌধুরী আই হসপিটালে বিনামূল্যে ছানি অস্ত্রোপচার করা হবে। পাশাপাশি, অসহায় ও প্রয়োজনীয় রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।
ইয়াসির ক্যাম্প ইনচার্জ নুরুল ইসলাম বড়ভূঁইয়া এবং কো-অর্ডিনেটর সাহজাহান লস্করের আন্তরিক প্রচেষ্টায় শিবিরটি সফলভাবে সম্পন্ন হয়। ইয়াসি কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায় পুরো সময় উপস্থিত থেকে শিবিরের কার্যক্রম তদারকি করেন। বড়খলা ইউনিটের সদস্যরাও সক্রিয়ভাবে শিবিরে অংশ নেন।

সঞ্জীব রায় বলেন, ইয়াসির ‘জিরো ক্যাটারাক্ট সোসাইটি’ বা ‘শূন্য ছানি সমাজ’ গড়ে তোলার লক্ষ্যে এই অভিযান অব্যাহত রয়েছে। নির্ধারিত লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত এই উদ্যোগ চলবে বলেও তিনি জানান।
শিবিরে শিবির আহমেদ, সঞ্জু নুনিয়া, নিখিলেশ দাস-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *