৭ সেপ্টেম্বর : ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ জন নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত চলা এই সংঘর্ষে উভয় পক্ষের যোদ্ধারাই হতাহত হয়েছেন।
সৌদি আরব-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীর দুই সামরিক কর্মকর্তা জানিয়েছেন, শনিবার দুপুর থেকে রোববার ভোরের মধ্যে তাদের অন্তত ৮৪ সেনা নিহত হয়েছেন। কর্মকর্তাদের দাবি, নিহতদের অধিকাংশই হুথিদের রকেট হামলার শিকার হয়েছেন।
অন্যদিকে, চারটি হুথি সূত্রের বরাত দিয়ে জানা গেছে, একই সময়ে তাদের ৫৭ যোদ্ধা নিহত হয়েছেন। উভয় পক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, সংঘর্ষে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪১ জনে। তবে হতাহতের এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন ফ্রন্টে সাম্প্রতিক দিনগুলোতে সংঘর্ষ আরও তীব্র হয়েছে। বিশেষ করে তায়েজ ও হোদেইদা প্রদেশ এবং লোহিত সাগরের উপকূলীয় এলাকায় সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে ব্যাপক লড়াই চলছে। এর আগে শনিবারের সংঘর্ষে ২৬ সরকারি সেনা ও ৩১ হুথি যোদ্ধা নিহত হওয়ার খবর জানিয়েছিল বিভিন্ন সামরিক ও চিকিৎসা সূত্র।
এদিকে, রবিবার ইয়েমেনের সরকারি বাহিনী দাবি করেছে, হোদেইদা প্রদেশের দক্ষিণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হায়েস জেলার নিয়ন্ত্রণ হুথিদের কাছ থেকে পুনর্দখল করা হয়েছে। এলাকাটি হোদেইদা, তায়েজ ও ইব্ব প্রদেশের মধ্যে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ সড়কের কাছে অবস্থিত।
সরকারি বাহিনী আরও জানিয়েছে, পার্শ্ববর্তী আল-জারাহি এলাকায় অভিযান চালিয়ে কয়েক ডজন হুথি যোদ্ধাকে আটক করা হয়েছে।



