বরাক তরঙ্গ, ১৫ জুন : শিলচর থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলা পত্রিকা যুব দর্পণ-এর ১৩তম বর্ষপূর্তি উপলক্ষে রবিবার শিলচরের হোটেল ইলোরা হেরিটেজ হল-এ এক বর্ণাঢ্য কিডস র্যাম্প শো, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সম্মাননা সভা অনুষ্ঠিত হয়। এর আগে গত ৩১ মে গুয়াহাটিতে সফলভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় শিলচরেও আয়োজিত হয় এই বিশেষ অনুষ্ঠান। এ দিন প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন প্রাক্তন পুরসদস্য ঝলক চক্রবর্তী, যুব দর্পণের মুখ্য সম্পাদক সুবীর দত্ত, বিশিষ্ট আইনজীবী শেখর পাল চৌধুরী, সমাজকর্মী বিধান দাশগুপ্ত, পাবলিক উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষা কবিতা সেনগুপ্ত, রোটারিয়ান সুভাষ ধর, তরুণ সমাজসেবী জয়দীপ চক্রবর্তী, লায়ন অনিতা মজুমদার, শিক্ষিকা শুভ্রা রাউত, যুব দর্পণের কর্ণধার দিলু দাস এবং কার্যকরী সম্পাদক বাপ্পি আচার্য্যসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক ডাঃ রাজদীপ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী সুজিত কুমার দেব, বিশিষ্ট ব্যবসায়ী স্বর্ণালী চৌধুরী, নেতাজি ছাত্র যুব সংস্থার ভাইস চেয়ারম্যান বাবুল রায়, সাংবাদিক চয়ন ভট্টাচার্য, অভিজিৎ ভট্টাচার্য, মনজুর আহমেদ বড়ভূইয়া, নেতাজি ছাত্র যুব সংস্থার সভানেত্রী মহুয়া ভৌমিক, কার্যকরী সভাপতি রণজিৎ ভট্টাচার্য, সহ-সভাপতি নির্ঝর দাস, জয়দেব দাস, পরিমল পুরকায়স্থ, লায়ন্স ক্লাব অব গ্রেটার শিলচরের সভাপতি লায়ন রাজু ভৌমিক, লায়ন অরিন্দম ভট্টাচার্য, চিত্রপরিচালিকা শর্মিষ্ঠা দেবসহ বহু বিশিষ্ট ব্যক্তি।

যুব দর্পণের ১৩তম বর্ষপূর্তি উপলক্ষে গুয়াহাটিতে উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ৫০ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদানের পর শিলচরে আরও ২০ জনকে “যুব দর্পণ সম্মাননা ২০২৬” প্রদান করা হয়। সম্মানপ্রাপকদের মধ্যে ছিলেন ১১ জন সাংবাদিক, বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ৮ জন বিশিষ্ট ব্যক্তি এবং একজন প্রতিভাবান শিশু শিল্পী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত মুখ্য অতিথি ও অন্যান্য বিশিষ্ট অতিথিদের উত্তরীয়, স্মারক এবং শুভেচ্ছা উপহার প্রদান করে সংবর্ধিত করা হয়। কিডস র্যাম্প শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশু শিল্পী এবং প্রতিযোগীদেরও প্রশংসাপত্র ও স্মারক প্রদান করা হয়। উপস্থিত অতিথিবৃন্দ, নেতাজি ছাত্র যুব সংস্থা (এনসিওয়াইএস) এবং যুব দর্পণের কর্মকর্তারা যৌথভাবে এই সম্মাননা ও পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিশুদের অংশগ্রহণে আয়োজিত কিডস র্যাম্প শো, যা উপস্থিত দর্শকদের ব্যাপক প্রশংসা অর্জন করে। শিশুদের আত্মবিশ্বাসী উপস্থাপনা, মনোমুগ্ধকর পরিবেশনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের নান্দনিক উপস্থাপনা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।
নিজের বক্তব্যে শিলচরের বিধায়ক ডাঃ রাজদীপ রায় যুব দর্পণের সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিকতামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত করার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং ভবিষ্যতেও যুব দর্পণের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করবেন। অন্যান্য বক্তারাও যুব দর্পণের এই ধরনের ইতিবাচক ও সমাজমুখী উদ্যোগের প্রশংসা করে এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন যুব দর্পণের কর্ণধার দিলু দাস ও দীপালি মজুমদার। কিডস র্যাম্প শোর সফল পরিচালনার দায়িত্বে ছিলেন আয়ুস আচার্য ও রঞ্জিতা সিংহ। উপস্থিত অতিথি, সম্মানপ্রাপক, অভিভাবক ও দর্শকদের আন্তরিক অংশগ্রহণে যুব দর্পণের ১৩তম বর্ষপূর্তি উদযাপন এক স্মরণীয় ও সফল অনুষ্ঠানে পরিণত হয়।



