৮ জুন : ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে ৭ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার সকালে এই ভূমিকম্প আঘাত হানার পর সুনামির সতর্কতা জারি করা হয়। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) এ কথা জানিয়েছে।
জিএফজেড জানিয়েছে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পটি আঘাত হানে।
ফিলিপাইন এবং প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার ভূ-পদার্থবিজ্ঞান সংস্থাগুলো সুনামির সতর্কতা জারি করেছে। তবে তাৎক্ষণিক দুই দেশের কোনোটিতেই বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে জিএফজেড ভূমিকম্পটির মাত্রা ৮ দশমিক ২ বলে উল্লেখ করেছিল। যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা ব্যবস্থাও এই ভূমিকম্পের পর সুনামির ঝুঁকির সতর্কতা জারি করেছে।
ফিলিপাইনের সংস্থা ‘ফিভলকস’ জানিয়েছে, ভূমিকম্পটি ছিল ৭ মাত্রার। তারা ক্ষয়ক্ষতি এবং এক মিটারের বেশি উচ্চতার ঢেউয়ের সতর্কতা জারি করেছে, যা কয়েক ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে।
অন্যদিকে ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা (বিএমকেজি) ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ৭ বলে উল্লেখ করেছে।



