পাথারকান্দিতে ৪ কোটির মাদক সহ আটক ১

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৪ আগস্ট :
মাদকের বিরুদ্ধে অসম সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে পাথারকান্দিতে বড়সড় সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে চালানো বিশেষ অভিযানে বিপুল পরিমাণ সন্দেহভাজন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনায় পাথারকান্দি থানার অন্তর্গত ময়হালা গ্রামের বাসিন্দা এনাম উদ্দিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বিপুল পরিমাণ ওই মাদক পাচারের জন্য একটি বিলাসবহুল গাড়ি ব্যবহার করা হচ্ছিল। গাড়িটির বিশেষভাবে তৈরি গোপন চেম্বারে মাদক লুকিয়ে নিরাপত্তার নজর এড়িয়ে অন্যত্র পাচারের পরিকল্পনা ছিল বলে অভিযোগ।

তবে পুলিশের তৎপরতা ও সুপরিকল্পিত অভিযানে পাচারের সেই ছক ভেস্তে যায়। গাড়িতে তল্লাশি চালিয়ে গোপন চেম্বারের সন্ধান পায় পুলিশ। সেখান থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ সন্দেহভাজন মাদকদ্রব্য। উদ্ধার হওয়া মাদকের প্রকৃতি, উৎস এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *