১০ অক্টোবর যন্তর মন্তরে ফের বিক্ষোভের ডাক সিজেপির

Spread the news

৩ অক্টোবর : মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানিয়েছেন, জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে আগামী ১০ অক্টোবর যন্তর মন্তরে জমায়েত করে প্রতিবাদ করবেন তাঁরা। দেশের যুবসমাজকেও এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক বার্তায় দীপকে ‘দিল্লি চলো’ কর্মসূচির ঘোষণা করেন। তাঁর বক্তব্য, দিল্লি পুলিশ আন্দোলনকারীদের যেখানে আটকাবে, সেখানেই প্রতিবাদ কর্মসূচি চালানো হবে। তিনি দাবি করেন, তাঁদের আন্দোলন শান্তিপূর্ণ হবে এবং মহাত্মা গান্ধীর দেখানো পথেই তাঁরা কর্মসূচি পালন করবেন।

এর আগে নিট-সংক্রান্ত আন্দোলনকে কেন্দ্র করে যন্তর মন্তরে সিজেপির কর্মসূচিতে পুলিশি বাধার অভিযোগ উঠেছিল। ২০ জুলাইয়ের কর্মসূচির প্রসঙ্গও তুলে ধরেছেন দীপকে। তাঁর বক্তব্য, শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার সরকার ও দিল্লি পুলিশ সম্মান করবে কি না, তা তাদের সিদ্ধান্ত। অবাধ ও স্বচ্ছ নির্বাচন চান এমন প্রত্যেক নাগরিককে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনকে ঘিরে একাধিক দাবি জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে—মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও তাঁর বিরুদ্ধে ফৌজদারি তদন্তের দাবি, এসআইআর-এর আগে কার্যকর ভোটার তালিকা পুনর্বহাল এবং নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত ২০২৩ সালের আইন বাতিলের দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *