বরাক তরঙ্গ, ৩ অক্টোবর : আন্তর্জাতিক প্রবীণ নাগরিক দিবস উপলক্ষে সেবা পরিচালিত সুকল্প ভট্টাচার্য ওল্ড এজ হোম ‘বেলাভূমি’-তে ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সমাজসেবায় অবদানের জন্য প্রবীণ চিকিৎসক ডাঃ সুরজিৎ দাসকে বিশেষভাবে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানের শুরুতে সেবা সংস্থার বয়োজ্যেষ্ঠ সদস্য সুহাসরঞ্জন দাস, রমেন্দ্র ভট্টাচার্য ও রাধিকারঞ্জন চক্রবর্তী, সেবা সভাপতি রূপক দে এবং ডাঃ সুরজিৎ দাসকে মঞ্চে আমন্ত্রণ জানানো হয়। সেবা সদস্যরা উত্তরীয় পরিয়ে তাঁদের বরণ করে নেন। সংস্থার পক্ষ থেকে বেলাভূমির আবাসিক ও উপস্থিত শুভানুধ্যায়ীদেরও উত্তরীয় দিয়ে প্রবীণ নাগরিক দিবসের শুভেচ্ছা জানানো হয়। প্রদীপ প্রজ্বলনের পর সমবেত কণ্ঠে ‘আনন্দধারা বহিছে ভুবনে’ গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
এদিন শ্রীভূমি শহরের প্রবীণ চিকিৎসক ডাঃ সুরজিৎ দাসকে সেবা সংস্থার পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। ৮২ বছর বয়সেও তিনি নিয়মিত সমাজসেবামূলক কাজে যুক্ত রয়েছেন। বেলাভূমির আবাসিকদের স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি এখনও তাঁদের চিকিৎসাসেবায় সহযোগিতা করে চলেছেন তিনি। অনুষ্ঠানে তাঁর সুস্থ ও দীর্ঘায়ু জীবন কামনা করা হয়। এরপর অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবীণ নাগরিক সুহাসরঞ্জন দাস, রমেন্দ্র ভট্টাচার্য ও ডাঃ রাধিকারঞ্জন চক্রবর্তী। সুহাসরঞ্জন দাস প্রবীণদের সামাজিক অবদানের কথা তুলে ধরার পাশাপাশি তাঁদের জন্য সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধার প্রসঙ্গ উল্লেখ করেন। রমেন্দ্র ভট্টাচার্য প্রবীণ নাগরিক দিবসের উদ্দেশ্য ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন। রাধিকারঞ্জন চক্রবর্তী সমাজের অবক্ষয় এবং প্রবীণদের প্রতি পরিবার ও সমাজের দায়িত্ব-কর্তব্য নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বেলাভূমির আবাসিক সুবল চক্রবর্তী ও গৌরী দত্ত কানুনগো তাঁদের অনুভূতি ব্যক্ত করেন। সেবা সদস্য ঝুমা দাস, প্রতিষ্ঠিতা নাথ ও সুদীপ্তা দে চৌধুরীও বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে সেবা সম্পাদক অপর্ণা দেব আন্তর্জাতিক প্রবীণ নাগরিক দিবসের তাৎপর্য ও উদ্দেশ্য ব্যাখ্যা করেন। তিনি বলেন, সারাজীবন সমাজে অবদান রাখা প্রবীণদের প্রতি পরিবার ও সমাজের দায়িত্ব ও কর্তব্য স্মরণ করিয়ে দেওয়ার লক্ষ্যেই রাষ্ট্রসংঘের উদ্যোগে দিনটি পালিত হয়। সেবা সংস্থার পক্ষ থেকে প্রতিবছর দিনটি আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হয়।
অনুষ্ঠানে আবাসিকদের পক্ষ থেকে গান, নৃত্য ও আকস্মিক বক্তৃতার আয়োজন করা হয়। শেষে সেবা সভাপতি রূপক দে ধন্যবাদজ্ঞাপন করেন এবং সংস্থার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন। ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



