শ্রীকিষাণ সারদা কলেজে ছাত্র নিগ্রহ, অধ্যক্ষের বিরুদ্ধে তদন্তের দাবি

Spread the news


বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : হাইলাকান্দি জেলার শ্রীকিষাণ সারদা কলেজে ছাত্র নিগ্রহের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। কলেজের অধ্যক্ষ রতন কুমারের বিরুদ্ধে সিদ্ধার্থ দাস নামে বাণিজ্যিক শাখার প্রথম বর্ষের এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদে কলেজের একাংশের পড়ুয়া অবস্থান ধর্মঘটে বসে নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অভিযোগ, কলেজ চত্বরে একটি ফুলবাগানের দেওয়ালের ওপর অসাবধানতাবশত বসেছিলেন ছাত্র সিদ্ধার্থ দাস। ওই দেওয়ালটি ভারতের জাতীয় পতাকার তিন রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে রাঙানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করেই অধ্যক্ষ ওই ছাত্রকে চর-থাপ্পড় মারেন বলে অভিযোগ আন্দোলনকারী পড়ুয়াদের। ঘটনার পর কলেজ ক্যাম্পাসে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পড়ুয়াদের প্রশ্ন, দেওয়ালটি যদি জাতীয় পতাকার রঙের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রঙে সজ্জিত হয়, তাহলে সেখানে বসার অপরাধে একজন ছাত্রকে শারীরিকভাবে নিগ্রহ করা কতটা যুক্তিসঙ্গত? একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিও জানানো হয়।

অধ্যক্ষের বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)। সংগঠনের দাবি, এর আগেও কলেজে ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। এমনকি ছাত্রদের মোটরসাইকেলে লাথি মেরে ফেলে দেওয়া-সহ বিভিন্ন ধরনের হয়রানির ঘটনাও ঘটেছে বলে অভিযোগ সংগঠনটির।

এদিকে, গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আনার পাশাপাশি কলেজে ছাত্রছাত্রীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার দাবি উঠেছে। অধ্যক্ষের বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ কী পদক্ষেপ গ্রহণ করে, এখন সেদিকেই নজর রয়েছে পড়ুয়া ও অভিভাবকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *